ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপর্যস্ত বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে ৩৫ কোটি ডলার ঋণের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব এম ফাওজুল করিম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। (আরও তথ্যসহ)
আগামী অক্টোবর মাসে এই ঋণ অনুমোদনের জন্য বিশ্বব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা হবে। ঋণ পেলে ওই অর্থ দিয়ে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াটের দু'টি বিদ্যুৎ ইউনিট স্থাপনের পাশাপাশি বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত গ্যাস পাইপ লাইন এবং সিদ্ধিরগঞ্জ থেকে মানিকনগর গ্রিড সাব স্টেশন পর্যন্ত ১১ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হবে।
বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বিদ্যুৎ বিভাগের সচিব এম ফাওজুল করিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৩৫ কোটি (৩৫০ মিলিয়ন) ডলারের ঋণের ব্যাপারে বিশ্ব ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে এ ঋণ পেতে বিশ্ব ব্যাংকের বোর্ডের অনুমোদন লাগবে। প্রায় ১২ বছর পর বিশ্ব ব্যাংক বিদ্যুৎ খাতের উৎপাদন ও সঞ্চালন খাতে ঋণ দিতে যাচ্ছে।"
মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদ্যুৎ বিভাগ ও বিশ্ব ব্যাংকের মধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু হয়। বুধবার বিদ্যুৎ বিভাগের সম্মেলন কক্ষে আলোচনা শেষে চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি সাক্ষর শেষে বিশ্ব ব্যাংকের সিনিয়র এনার্জি স্পেশালিস্ট এলান এফ টাউনসেন্ড সাংবাদিকদের বলেন, আমরা সফলভাবে সমঝোতা চূড়ান্ত করেছি। আগামী মাসে বিশ্ব ব্যাংকের বোর্ড সভায় ঋণ প্রস্তাব উপস্থাপন করা হবে। ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত এ ঋণের অর্থে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
এলান এফ টাউনসেন্ড বলেন, এটা সরাসরি বিনিয়োগ ঋণ। এখানে সংস্কারের জন্য কোন শর্ত আরোপ করা হয়নি। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ঋণের অর্থের মধ্যে সাড়ে ১৯ কোটি (১৯৫ মিলিয়ন) ডলার দিয়ে সিদ্ধিরগঞ্জে ৩০০ মেগাওয়াটের দু'টি বিদ্যুৎ ইউনিট স্থাপন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করবে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি, বাংলাদেশ।
এছাড়া বাখরাবাদ থেকে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত আট কোটি (৮০ মিলিয়ন) ডলার ব্যয়ে ৬০ কিলোমিটার গ্যাস পাইপ লাইন স্থাপন করবে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড। সিদ্ধিরগঞ্জ থেকে মানিকনগর গ্রিড সাব স্টেশন পর্যন্ত ১১ কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করতে ব্যয় করা হবে সাড়ে চার কোটি (৪৫ মিলিয়ন) ডলার। পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড এ প্রকল্প বাস্তবায়ন করবে। আর বিভিন্ন সাব স্টেশনের উন্নয়নের জন্য ঋণের বাকি অংশ থেকে অর্থায়ন করা হবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সহজ শর্তে 'আইডিএ ক্রেডিট' হিসাবে ৪০ বছরের জন্য এ ঋণ দেওয়া হচ্ছে। চুক্তির প্রথম দশ বছরের ঋণের কোনো কিস্তি দিতে হবে না। কেবল সার্ভিস চার্জ পরিশোধ করতে হবে। সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে দশমিক ৭৫ শতাংশ।
নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মকাণ্ডে স্বচ্ছতা নেই এ ধরনের কথা উল্লেখ করে এর আগে বিশ্ব ব্যাংক বিদ্যুৎ বিভাগকে উৎপাদন ও সঞ্চালন লাইন স্থাপনে ঋণ দিতে রাজি হয়নি। প্রায় ১২ বছর পর বিশ্ব ব্যাংক বিদ্যুৎ বিভাগকে উৎপাদন ও সঞ্চালনের জন্য প্রকল্প ঋণ দিতে যাচ্ছে। এ সময়ে বিশ্ব ব্যাংক থেকে বিদ্যুৎ খাতে ঋণ দেওয়া হলেও তা ছিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণ লাইন স্থাপনের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এমএইচবি/১৯৪২ ঘ.
bdnews24