ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্পাত নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম ও আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানিকে প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়ার অনুমোদন দিয়েছে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এসইসি এছাড়াও ষষ্ঠ বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানিকে নিবন্ধন (লাইসেন্স) দিয়েছে এবং আইপিও বরাদ্দের প্রক্রিয়া ছয় সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ সপ্তাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার সংস্থার বোর্ডের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসি নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
ফরহাদ আহমেদ বলেন, "বিএসআরএমকে ২০ কোটি টাকার এবং বে লিজিংকে সাড়ে ২৫ কোটি টাকার আইপিও ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে। আইপিও বরাদ্দের প্রক্রিয়া ছয় সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ সপ্তাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি জানান, বিএসআরএম এর পরিশোধিত মূলধনের পরিমাণ ১২৫ কোটি টাকা। তাদের প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ১০০ টাকা। বিএসআরএম এর অডিটরদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের বিপরীতে নিট সম্পদের পরিমাণ (নেট অ্যাসেট ভ্যালু-এনএভি) ১০০ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে প্রতিষ্ঠানটি তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে।
নির্বাহী পরিচালক জানান, আর্থিক প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট অনুমতি পেয়েছে সাড়ে ১০ লাখ শেয়ার ছাড়ার। ১৫০ টাকার প্রিমিয়ামসহ বে লিজিংয়ের ১০০ টাকার শেয়ার ২৫০ টাকায় বিক্রি হবে। প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১০ কোটি ২০ লাখ টাকা। এনএভি ৩৭০ টাকা ৩০ পয়সা এবং ইপিএস ৭৭ টাকা ৩০ পয়সা।
মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকারী বে লিজিংয়ের জন্য আইপিও ছাড়ার বাধ্যবাধকতা ছিল।
ষষ্ঠ বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি হিসেবে রেস অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট কোম্পানিকেও এদিন নিবন্ধন দেয় এসইসি। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশীদের যৌথউদ্যোগে প্রতিষ্ঠানটি পরিচালিত।
এসইসি নির্বাহী পরিচালক জানান, পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের সরবরাহ বাড়াতে রেস অ্যাসেট ম্যানেজমেন্টকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের পরিমাণ আড়াই কোটি টাকা।"
তিনি জানান, বোর্ডের বৈঠকে আইপিও প্রতিষ্ঠান নিবন্ধন (সাবস্ক্রিপশন) শেষ হওয়ার পাঁচ সপ্তাহের মধ্যে 'রিফান্ড ওয়ারেন্ট' সরবরাহ করবে বলে সিদ্ধান্ত হয়েছে। তার মানে কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক শেয়ার কেনার জন্য নিবন্ধিত হওয়ার সময়সীমা শেষ হওয়ার চতুর্থ সপ্তাহে লটারি করতে হবে। এছাড়া লটারির ফল শেয়ার বাজারের ওয়েব সাইটে প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে। আগে এই ফলাফল শুধু প্রতিষ্ঠানের ওয়েব সাইটে পাওয়া যেত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২০৪৪ ঘ.
bdnews24