ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ভালোমানের (ব্লু চিপ) শেয়ারের দর পড়ে যাওয়ার কারণে সোমবার টানা তৃতীয় দিনের মতো পুঁজিবাজারে মন্দা ছিল। বিনিয়োগকারীদের শেয়ার ছেড়ে দেওয়া অব্যাহত থাকায় ঢাকার বাজারে লেনদেন হওয়া শেয়ারের ৬০ ভাগেরই দাম কমেছে এদিন। চট্টগ্রামের শেয়ার বাজারেও সব সূচক কমেছে।
তবে বিনিয়োগকারীদের আগ্রহ বজায় থাকায় লেনদেন তালিকার শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর দাম বাড়ার সুবাদে সাধারণ শেয়ার সূচক বেড়েছে।
সোমবার দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে ২৮৪৯ দশমিক ৬৭ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ০১ শতাংশ কমে হয়েছে ২৪০৬ দশমিক ২৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ কমে ২৪১২ দশমিক ১৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪ কোটি টাকার ২ কোটি ২৫ লাখ ৩২ হাজার ৩৫৫টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত ছিল ১৫টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার টাকার ৪৪ লাখ ৬৮ হাজার ৫৮২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮৪টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৫ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ৮৭০৩ দশমিক ২৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১০ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে হয়েছে ৫৬৮৫ দশমিক ০৯ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৪ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ কমে ৭৬৮১ দশমিক ০৭ পয়েন্ট হয়।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ৩ দশমিক ৯৯ শতাংশ বেড়ে হয়েছে ৫১৪ টাকা ৫০ পয়সা। বেক্সিমকোর শেয়ারের দাম ২ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১৫৩ টাকা ৬০ পয়সা হয়। আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৭ দশমিক ২১ শতাংশ বেড়ে ২৪৫ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। গ্রামীণ ওয়ান: স্কিম টু এর শেয়ারের দাম ৮ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫৫ টাকা ৬০ পয়সা হয়। অন্যদিকে এসিআইয়ের শেয়ার এক দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৫৩৩ টাকা ৩০ পয়সা হয়েছে।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কা বাংলা ফিন্যান্স, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম বেড়েছে। তবে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/১৭৪৫ঘ.
bdnews24