ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৫ রোজার মধ্যে সব শিল্প কল-কারখানার শ্রমিকদের চলতি মাসসহ সব ধরনের বকেয়া মজুরি ও ঈদ বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
রাজধানীর তোপখানা রোডে রোববার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ আহ্বান জানান।
সংগঠনের সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন, "আমরা আগামী ২৫ রমজানের মধ্যে সব শিল্প কল-কারখানার শ্রমিকদের চলতি মাসের বেতনসহ সব ধরনের বকেয়া মজুরি ও ঈদ বোনাস দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এজন্য সরকারকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।"
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সমন্বয়ক শাহ আতিউল ইসলাম। লিখিত বক্তব্যে শিল্পের উন্নয়ন ও শিল্প কল-কারখানায় স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে অনতিবিলম্বে ট্রেড ইউনিয়নের ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য গোলাম সাত্তার, আব্দুস সামাদ আজাদ ও আবু বকর রিপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/টিএইচ/এমআই/১৭০০ ঘ.
bdnews24