ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রেক্ষাপটে দেশেও এর দাম কমানোর কথা ভাবছে সরকার।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুক্তরাজ্য থেকে ফিরে শনিবার জিয়া বিমানবন্দরে সংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসায় দেশেও দাম কমানোর বিষয়ে আলোচনা করা যেতে পারে।"
তবে আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
জলবায়ু সংক্রান্ত এক সম্মেলনে যোগ দিয়ে শনিবারই দেশে ফিরলেন অর্থ উপদেষ্টা। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস লন্ডন সম্মেলনে মিলেছে বলে জানান তিনি।
দেশে তেলের দাম কমানো হবে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "গত জুলাইয়ে যখন তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হয়, তখন প্রতি ব্যারেলের দাম ছিল ১৪০ ডলার। দাম এখন ১০০ ডলারে নেমে এসেছে। এ অবস্থায় তেলের দাম কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করা যেতে পারে।"
তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তেল খাতে সরকারকে এখনও ভর্তুকি দিতে হচ্ছে বলে জানান মির্জ্জা আজিজুল।
তিনি বলেন, "জ্বালানি তেলের বর্তমান দামেও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তবে আমরা যে সময়ে তেলের দাম সমন্বয় করেছিলাম, তখন ঘাটতি অনেক বেশি ছিল। এখন ওই ঘাটতির মাত্রা অনেকটা কমে এসেছে।"
গত ৩০ জুন জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। সরকার তখন প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়। পেট্রোলের দাম ২২ টাকা বাড়িয়ে ৮৭ টাকা এবং অকটেনের দাম ২৩ টাকা বাড়িয়ে ৯০ টাকা করে সরকার।
গত এপ্রিল থেকে দাম বাড়তে বাড়তে জুলাই মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৪৭ ডলারে দাঁড়ায়। এখন তা কমে ৯৯ ডলারে এসে ঠেকেছে।
লন্ডস সম্মেলনের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, "সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশের জন্য ৭৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল গঠন করেছে। এছাড়া ডেনমার্ক সরকারও বড় ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। তবে তারা এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি।"
এছাড়া বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা ও দেশের পক্ষ থেকেও সহায়তার আশ্বাস মিলেছে বলে তিনি জানান।
মির্জ্জা আজিজুল বলেন, "জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশ কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়- এ বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতেই ব্র্রিটেন ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে। সম্মেলন ফলপ্রসূ হয়েছে।"
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেবাশীষ রায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়াও ওই সম্মেলনে যোগ দেন। তারা অর্থ উপদেষ্টার সঙ্গেই দেশে ফেরেন।
বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মজিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/এমআই/জিএনএ/১৪০৪ ঘ.
bdnews24