২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় কয়েকদিন বাড়ানো হবে

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও আরো কয়েকদিন বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ সেপ্টেম্বরের পরেও আরো কয়েকদিন বাড়ানো হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুল মজিদ। মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) 'ট্যাক্স গাইড ২০০৮-০৯' এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হোসেন খালেদ আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর জন্য এনবিআর চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানালে তিনি তা কয়েকদিন বাড়াতে সম্মত হন। প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআরের নির্ধারিত সময় সেপ্টেম্বর মাস। রাজস্ব বোর্ডের কাছে এই ৩০ দিনের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করে আব্দুল মজিদ বলেন, "আপনাদের প্রস্তাব গ্রহণ করলাম। এটা অবশ্যই বিবেচনা করা হবে এবং কিছু সময় আপনারা পাবেন।" এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর প্রস্তাব দিয়ে ডিসিসিআই সভাপতি বলেন, "রোজা ও ঈদের কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই মানুষ এবার উৎসবমুখর পরিবেশে চলে যাবে। তাই রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন করা উচিত।" হোসেন খালেদ বলেন, "কর প্রদানে স্বচ্ছতা বাড়ানোর জন্য শুল্ক বিভাগের কর্মকাণ্ড সম্পূর্ণ কম্পিউটারাইজড হওয়া প্রয়োজন। এ ব্যাপারে ঢাকা চেম্বার সব ধরণের সহযোগিতা করতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে কমলাপুর অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ও ঢাকা কাস্টমসের অটোমেশনের ক্ষেত্রে ঢাকা চেম্বার সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। হোসেন খালেদ অদূর ভবিষ্যতে বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে পিএসআই করার প্রথা তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন। এনবিআর চেয়ারম্যান বলেন, "পিএসআই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আগামী ১৪ তারিখে চট্টগ্রাম বন্দরের অটোমেশন উদ্বোধন করা হবে। সেখানে এই কাজে সহায়তা করেছে চট্টগ্রাম চেম্বার।" ডিসিসিআই এর উদ্দেশে তিনি বলেন, "কমলাপুরের অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ও ঢাকা কাস্টমসের অটোমেশনের ক্ষেত্রে আপনারা সহায়তা করতে পারেন।" বন্দরে আটকে পড়া গাড়ির সমস্যা দ্রুত সমাধান, প্রবাসীদের টাকা পাঠানোর পদ্ধতি সহজ করা ও তাদের কর সম্পর্কিত তথ্য সরবরাহ করা, রপ্তানিমূখী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে 'ইমডেমনিটি বন্ডের' পরিবর্তে এক শতাংশ হারে আরোপিত শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং বন্ড ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। এ ব্যাপারে আব্দুল মজিদ জানান, বন্দরে আটকে পড়া গাড়িগুলোর বিষয় দ্রুত সমাধান করার চেষ্টা করছে বোর্ড। তিনি বলেন, ব্যাংকের মাধ্যমে পাঠানো প্রবাসীদের টাকা সম্পূর্ণ আয়করমূক্ত রাখা হয়েছে। বিভিন্ন বন্ডের ব্যাপারে স্বচ্ছতা আনতে নতুন নীতিমালা তৈরি হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তবে সর্বনিম্ন আয়কর দুই হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করতে ডিসিসিআই সভাপতির অনুরোধের ব্যাপারে কিছু জানাননি তিনি। আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে এই প্রথমবারের মতো বাংলায় লেখা 'ট্যাক্স গাইড' প্রকাশ করেছে ঢাকা চেম্বার। প্রশ্নোত্তর ভিত্তিতে লেখা বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি এম ইউনূস, এম এইচ রহমান, ডিসিসিআই পরিচালক আর আই খান, এস এম শেকিল চৌধুরী ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/টিএইচ/এসকে/২১০৩ঘ.