ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এই প্রথমবারের মতো মালদ্বীপ থেকে দেড় লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল কিনবে সরকার।
মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অন্য যে কোনও দেশের চেয়ে পরিবহন খরচ কম হওয়ায় দক্ষিণ এশিয়ার এ দ্বীপরাষ্ট্র থেকে তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জানিয়েছেন।
বৈঠকে আগামী রবি ও বোরো মৌসুমের জন্য রাশিয়া থেকে ২০ হাজার টন এমওপি সার (মিউরেট অব পটাশ) কেনার প্রস্তাবও অনুমোদিত হয়।
বৈঠক শেষে আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেল নিয়ে কয়েকটি শেষ একচেটিয়া ব্যবসা করছে। এ জন্য আমরা (সরকার) নতুন বাজারের সন্ধান করছিলাম। এর ধারাবাহিকতায় মালদ্বীপ ন্যাশনাল তেল কোম্পানির (এমএনওসি) সঙ্গে আমাদের যোগাযোগ হয়। তারা কম প্রিমিয়ামে (পরিবহন ব্যয়) আমাদের তেল সরবরাহ করতে রাজি হয়। তাই তাদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছি।"
মালদ্বীপ নিজে তেল উৎপাদন করে না। তবে তারা বিভিন্ন দেশ থেকে আমদানি করে যে মজুদ গড়ে তুলেছে, তা থেকে বাংলাদেশকে তেল সরবরাহ করতে রাজি হয়েছে বলে উপদেষ্টা জানান।
তিনি জানান, দেড় লাখ টন তেলের মধ্যে ৯০ হাজার টন গ্যাস ওয়েল (ডিজেল), ৩০ হাজার টন মোগ্যাস (অকটেন) ও ৩০ হাজার টন জেট-এ (উড়োজাহাজের জ্বালানি)।
এর মধ্যে প্রতি ব্যারেল ডিজেলের পরিবহন খরচ পড়বে ৫ দশমিক ১৯ মার্কিন ডলার, অকটনের ৫ দশমিক ৬০ ডলার, জেট ফুয়েলের ৭ দশমিক ৫০ ডলার।
ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম দেশের বাইরে থাকায় কমিটির সদস্য আনোয়ারুল ইকবালের সভায় সভাপতিত্ব করেন।
আনোয়ারুল ইকবাল জানান, রাশিয়া থেকে যে ২০ হাজার টন এমওপি সার কেনা হবে, তার প্রতি টনের দাম পড়বে এক হাজার ১৫১ দশমিক ৩৯ ডলার। এ হিসাবে ২০ হাজার টনের দাম পড়বে ২ হাজার ৩০৭ দশমিক ৮০ ডলার (১৫৯ কোটি ৮১ লাখ ২২৯ হাজার ৩২০ টাকা)।
বর্তমানে দেশে ১৫ হাজার টন এমওপি সার মজুদ আছে। যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছে সরকার। এ কারণেই জরুরিভিত্তিতে সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে আনোয়ারুল ইকবাল জানান।
এছাড়া বৈঠকে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের সেকশন- ১, ৩, ৫ ও ৭ এর আংশিক মাটি ভরাটের জন্য ১৬ কোটি ১৭ লাখ টাকা ব্যয় সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৫৩৫ ঘ.
bdnews24