২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ফোকাস বাংলাদেশ' সম্মেলনে যোগ দিতে লন্ডন যাবেন অর্থ উপদেষ্টা

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কী ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক এ সম্মেলনে যোগ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কী ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে আগামী ১০ সেপ্টেম্বর লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক এ সম্মেলনে যোগ দেবেন। ৩৯ সদস্যের এ প্রতিনিধিদলে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশবিদ ও সাংবাদিক প্রতিনিধিরা থাকবেন। আগামী ২ থেকে ৪ সেপ্টেম্বর ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠেয় বৈদেশিক সাহায্য বিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠকে যোগ দিতে অর্থ উপদেষ্টা সোমবার সকালে ঢাকা ত্যাগ করবেন। আক্রার বৈঠক শেষ 'ফোকাস বাংলাদেশ' সম্মেলনে যোগ দেবেন তিনি। অর্থ উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লন্ডন সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতি 'মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড' গঠনের প্রস্তাব করা হবে। জলবায়ুর পরিবর্তনের ফলে বাংলাদেশসহ গরিব দেশগুলো কী ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে এ সম্মেলনের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হবে। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে সরকার চলতি অর্থবছরের বাজেটে ৩০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। লন্ডন সম্মেলনে দাতারা বাংলাদেশের জন্য যে তহবিল গঠন করবে তার সঙ্গে এই টাকা সমন্বয় করা হবে।" বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করবে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন শিল্পোন্নত দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন ঋণদাতা ও উন্নয়ন সংস্থার শীর্ষ প্রতিনিধিরা এতে অংশ নেবেন। বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশিষ রায়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, অর্থ উপদেষ্টার ব্যক্তিগত সচিব এ এফ আমিন চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম রেজাউল করিম, যুগ্ম সচিব কামার মুনির, বিআইডিএস এর গবেষণা পরিচালক এম আসাদুজ্জামান প্রমুখ। সম্মেলনে বাংলাদেশের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ। নির্ধারিত বক্তা হিসেবে থাকবেন পরিবেশ বিজ্ঞানী আইনুন নিশাত ও আতিক রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১২২ ঘ.