২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙ্গাভাবে তৃতীয় সপ্তাহের শুরু

গত দুসপ্তাহের ধারাবাহিকতা বজায় রেখে রোববার চাঙ্গাভাবে দিন শেষ করেছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁকে সপ্তাহের প্রথম দিন দুই শেয়ার বাজারেই সূচক বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত দুসপ্তাহের ধারাবাহিকতা বজায় রেখে রোববার চাঙ্গাভাবে দিন শেষ করেছে দেশের পুঁজিবাজার। বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁকে সপ্তাহের প্রথম দিন দুই শেয়ার বাজারেই সূচক বেড়েছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের মধ্যে এদিন ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড ও জ্বালানি খাতের শেয়ার কেনার প্রবণতা বেশি ছিল। ব্যাংক ও ওষুধ খাতের শেয়ারের অবস্থা ছিল মিশ্র। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৫ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ বেড়ে ২৭৯১ দশমিক ২০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২০ দশমিক ০৪ পয়েন্ট বা দশমিক ৮৪ শতাংশ বেড়ে হয়েছে ২৩৮৯ দশমিক ১৫ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৫ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২৪৪১ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে। এদিন ডিএসইতে ২৬৬ কোটি টাকার এক কোটি ৪৫ লাখ ৫ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২৪৬ কোটি টাকা। এ বাজারে ১৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৩৬ কোটি ৯৮ হাজার টাকার ২৭ লাখ ৫২ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪০ কোটি ৬৪ লাখ ১৪ হাজার টাকা। রোববার এ বাজারে ৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৫টির কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৮২ দশমিক ৯৪ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে ৮৬৭৬ দশমিক ৩৩ পয়েন্ট হয়েছে। সিএসসিএক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৮ দশমিক ১৪ পয়েন্ট বা এক দশমিক ০৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৬৭ দশমিক ৫৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৬ দশমিক ৯৮ পয়েন্ট বা দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৭৮৯২ দশমিক ০৯ পয়েন্ট হয়েছে। ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৪১১ টাকা ৭৫ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা এসিআই এর শেয়ারের দাম ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৫০৬ টাকা ৬০ পয়সা হয়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দরপতন অব্যহত রয়েছে। রোববার এ শেয়ারের দাম ২ দশমিক ২৩ শতাংশ কমে ১০৯ টাকা ৩০ পয়সা হয়েছে। অন্যদিকে স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৪০ শতাংশ বেড়ে ৩০২৯ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। এস আলম কোল্ড রোলড স্টিলের শেয়ারের দাম এ দিন ৫ দশমিক ১২ শতাংশ বেড়ে ৩৭৯ টাকা ২৫ পয়সা হয়। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইসলামী ব্যাংক ও এবি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। লংকা-বাংলা ফিন্যান্স, স্কয়ার টেক্সটাইলস ও বেক্সিমকোর শেয়ারের দাম কমেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০১৯ ঘ.