২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি রোধ ও রাজস্ব আয় বাড়াতে স্বচ্ছ থাকুন: মজিদ

কর ফাঁকি রোধ ও রাজস্ব আয় বাড়াতে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর ফাঁকি রোধ ও রাজস্ব আয় বাড়াতে স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, "দেশের অর্থনীতিকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সততার সঙ্গে রাজস্ব আয় বাড়াতে হবে। যতটুকু কর নির্ধারণ হবে ব্যবসায়ীরা যদি তা আন্তরিকভাবে পরিশোধ করেন তাহলে দেশ আরও সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।" শুক্রবার সকালে নগরীর খালিশপুরে কাস্টমস কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন। আমাদের খুলনা প্রতিনিধি জানান, আবদুল মজিদ কাস্টমস হাউস প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এরপর নগরীর বিভাগীয় জাদুঘর মিলনায়তনে দক্ষিণ বাংলা লেখক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। খুলনা বিভাগের ১০ জেলাসহ দেশের ৪০টি জেলার কবি, সাহিত্যিক ও লেখকরা এ অনুষ্ঠানে যোগ দেন। বাগেরহাট প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাসহ স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, "রাষ্ট্রের নাগরিক হিসেবে যোগ্যতা অনুযায়ী সবার কর প্রদান করা উচিত। কর আদায় বাড়াতে সরকার কর সংগ্রহের পদ্ধতি সহজতর করছে।" বাগেরহাট বিসিক শিল্প নগরীর উন্নয়নে সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন তিন্ ি এনবিআর চেয়ারম্যান বলেন, মংলা বন্দর ও মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ এই এলাকার গুরুত্বপূর্ণ খাতগুলোর মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের জেলা প্রশাসকের সভাকক্ষে খুলনার কর কমিশনার মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- খুলনার কাস্টমস কমিশনার মো. নূরুল ইসলাম, বাগেরহাটের জেলা প্রশাসক সহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ শাহেদ আলী রবি, সহ-সভাপতি এমদাদ আলী পাইক, নির্বাহী সদস্য সরদার আনছার উদ্দিন, আব্দুল হাই, ব্যবসায়ী নেতা স্বপন বসু, মকবুল হোসেন প্রমূখ। সভায় বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শাহেদ আলী এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ব্যবসায়ীদের আর্থিক সামর্থ বাড়লে তারা কর দিতে উৎসাহিত হবে। মংলা বন্দর, মংলা ইপিজেড ও বাগেরহাট বিসিক শিল্প নগরীর উন্নয়নসহ এ এলাকা বাণিজ্যিক খাতের উন্নয়নে পাইপ লাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি। পরে আগ্রহী কয়েকজন ব্যবসায়ীর আয়কর ফাইল এনবিআর চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন চেম্বার সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.