আবদুর রহিম হারমাছি
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, আগষ্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কৃষি উৎপাদন বাড়াতে ব্যাংকগুলোর জন্য এবার (২০০৮-০৯ অর্থ বছর) প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
যা গত ২০০৭-০৮ অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বর্তমান বিশ্ব পরিস্থিতিতে খাদ্য সংকটের বিষয়টি সক্রিয় বিবেচনায় রেখে দেশে খাদ্য উৎপাদন বাড়াতে চলতি ২০০৮-০৯ অর্থ বছরে নয় হাজার ৩৭৯ কোটি ২৩ লাখ টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি।"
তিনি বলেন, "প্রথম বারের মতো গত অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ হয়েছে। গত বছরের পর পর দু দফা বন্যা এবং ঘুর্ণিঝড় সিডরের ক্ষতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় ব্যাংক থেকে কৃষি ঋণ বিতরণের ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহন করা হয়। আলাদা আলাদা সেল খুলে কৃষি ঋণ বিতরণ ব্যবস্থা তদারকি করার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছিল। এ সব কারণে গত অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়েও ব্যাংকগুলো ২৭২ কোটি টাকা বেশি কৃষি ঋণ বিতরণ করেছিল।"
কৃষি ঋণ বিতরণের এ ইতিবাচক ধারা বোরোর বাম্পার ফলনে প্রভাব রেখেছে মত দিয়ে নজরল হুদা আশা প্রকাশ করেন আগামীতে আমনসহ অন্যান্য কৃষি উৎপাদন বাড়াতে কৃষি ঋণ অবদান রাখবে।
বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও ষ্পেশাল প্রোগ্রামস বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি মালিকানাধীন তিন বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক এবং দুটি বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চলতি অর্থ বছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত হাজার ৭৭৯ কোটি ২৩ লাখ টাকা। বেসরসকারি ব্যাংকগুলোকে বাকি এক হাজার ৬০০ কোটি টাকা বিতরণ করতে লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে।
গতবারই প্রথম বেসরকারি ব্যাংকগুলোর জন্য কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বেসরকারি ব্যাংকগুলো কৃষি খাতে কোনো বিনিয়োগ করতো না।
গত অর্থ বছরে বেসরকারি ব্যাংকগুলোকে এক হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নিধারণ করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এবার তা বাড়িয়ে এক হাজার ৬০০ কোটি টাকা করা হয়েছে।
গত অর্থ বছরে বেসরকারি ব্যাংকগুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কৃষি ঋণ বিতরণ করেছে বলে ডেপুটি গভর্নর নজরুল হুদা জানান।
অনেক বেসরকারি ব্যাংকের গ্রামাঞ্চলে শাখা না থাকলেও তারা বিভিন্ন এনজিও'র মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে বলেও তিনি জানান।
তথ্য অনুযায়ী, ২০০৭-০৮ অর্থ বছরে ব্যাংকগুলো মোট আট হাজার ৫৮০ কোটি ৬৬ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। আর এ সময়ে ব্যাংকগুলো মোট ছয় হাজার ৩ কোটি ৭০ লাখ টাকার ঋণ আদায় করেছে।
গত অর্থ বছরে মোট কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল আট হাজার ৩০৮ কোটি ৬০ লাখ টাকা। এক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে গত অর্থ বছরে ২৭২ কোটি টাকা বেশি কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।
প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া সময়মতো কৃষি ঋণ পায় সে ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক থেকে কঠোর মনিটর ব্যবস্থা জোরদার করা হবে বলে নজরুল হুদা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৯৫০ ঘ.
bdnews24