ঢাকা, আগষ্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে পাঁচ দিনের 'কেন্দ্রীয় মৎস্য মেলা ২০০৮' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, "জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে মাছের চাহিদা বাড়ছে। অন্যদিকে নদী ধ্বংস, শিল্পায়নসহ বিভিন্ন কারণে মাছের উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই।"
পাশাপাশি নদ-নদী ও জলাশয় রক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।
মির্জ্জা আজিজ বলেন, মাছের উৎপাদন বাড়াতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত ২০০৭-০৮ অর্থ বছরে মাছ রপ্তানি করে বাংলাদেশ ৩ হাজার ৯০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করেছে। এর মধ্যে হিমায়িত চিংড়ি রপ্তানি থেকেই এসেছে ৩ হাজার কোটি টাকার মতো।
মৎস্য অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমাদ্দার, মৎস্য ও পশুসম্পদ সচিব সৈয়দ আতাউর রহমান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক রফিকুল ইসলাম, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এ এ মজিদ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৭৪৭ ঘ.
bdnews24