ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির কার্যক্রম স্বচ্ছ করতে রাজধানীর প্রতিটি কাঁচাবাজারে প্রধান প্রধান পণ্যসামগ্রীর দামের তালিকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
দেশের শীর্ষস্থানীয় আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে শনিবার বাংলাদেশ ও শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এফবিসিআই সভাপতি আনিসুল হকের সভাপতিত্বে রাজধানীর ফেডারেশন ভবনে অনুষ্ঠিত সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বর্তমান সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রির সময় পাইকারি বিক্রেতা ও আড়তদাররা পাকা রশিদ দেবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকা রশিদে বিক্রেতার যোগাযোগের ফোন নম্বর থাকতে হবে। রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এফবিসিসিআইয়ের টাক্সফোর্স রাজধানীর বাজার তদারক করবে।
সভায় এফবিসিসিআই প্রথম সহ সভাপতি আবুল কাশেম আহমেদ ও পরিচালকরা ছাড়াও বিডিআর এর মেজর রওশনুল ফিরোজ এবং দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, আমদানিকারক, পাইকারি ও খুচরা বাজারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএনডি/২১২১ ঘ.
bdnews24