২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পের বিকাশে নির্ভুল তথ্যপ্রাপ্তি প্রয়োজন: অর্থ উপদেষ্টা

শিল্পখাতের বিকাশে সময়োপযোগী ও নির্ভুল তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, নির্ভুল তথ্য পাওয়া না গেলে সরকারের পক্ষেও শিল্পসহায়ক সঠিক নীতি প্রণয়ন করা কঠিন হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পখাতের বিকাশে সময়োপযোগী ও নির্ভুল তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন মন্তব্য করে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, নির্ভুল তথ্য পাওয়া না গেলে সরকারের পক্ষেও শিল্পসহায়ক সঠিক নীতি প্রণয়ন করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত উৎপাদন শিল্প জরিপ (এসএমআই) এবং প্রতিষ্ঠান ও ইনস্টিটিউিশন জরিপ (এইআইএস) কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, "সময়োপযোগী ও নির্ভুল তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে এখনো আমরা অনেক পিছিয়ে রয়েছি। প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য অর্জনে শিল্পখাত বিশেষ অবদান রেখে চলেছে। এ খাতের আরো বিকাশের জন্য সময়োপযোগী ও নির্ভুল তথ্য খুবই প্রয়োজন। ১০ বছর আগের তথ্য দিয়ে এখন শিল্পখাতের বিকাশ হবে না। সরকারও পুরোনো তথ্য পর্যালোচনা করে নীতি প্রণয়ন করলে কোনো কাজে আসবে না।" দেশ ক্রমশ পুরোপুরি আমদানি নির্ভর হয়ে পড়ছে জানিয়ে আজিজুল ইসলাম বলেন, "প্রায় সব কিছুই আমাদের আমদানি করতে হয়। তবে রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ভালো আসায় বৈদেশিক খাতে স্থিতিশীলতা রয়েছে। আমদানি নির্ভরতা কমাতে শিল্পখাতের দিকে বিশেষ নজর দিতে হবে। একইসঙ্গে রপ্তানি আরো বাড়াতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এ জন্য বিবিএসকে সময়োপযোগী ও নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে।" অর্থ উপদেষ্টা জানান, সরকারি বিধি বা আইন অনুসারে কোনো শিল্প-প্রতিষ্ঠানের মালিক বিবিএসকে তথ্য দিলে তা গোপন রাখার কথা। এ বিধি যাতে যথাযথভাবে কার্যকর হয় সে ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পরিকল্পনা সচিব জাফর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আয়োজিত মতবিনিময় সভায় শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল, এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, বিবিএস-এর মহাপরিচালক এ ওয়াই এম একরামুল হক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/জিএনএ/১৮১৫ ঘ.