ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ছাড়া অন্য সব ব্যাংকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমানতকারীদের মধ্য থেকে দু'জন পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার জারি করা এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, বিদেশি ব্যাংক ছাড়া সব ব্যাংকে আমানতকারীদের মধ্য থেকে দু'জন পরিচালক নিয়োগসংক্রান্ত বিধি গত ২৩ জুলাই জারি করে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিচালক নিয়োগসংক্রান্ত সব কাজ শেষ করতে হবে।
২৩ জুলাই জারি করা 'আমানতকারীদের মধ্য থেকে ব্যাংক-কোম্পানির পরিচালক নিয়োগ সম্পর্কিত বিধি ২০০৮' এ বলা হয়েছে, আমানতকারী পরিচালককে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হওয়ার পাশাপশি নিজ পেশায় সুনামের অধিকারী হতে হবে। অর্থনীতি, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন ইত্যাদি বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বা শিল্প-বাণিজ্যে পেশাগত অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিদের পরিচালক নিয়োগে প্রাধান্য দিতে হবে। নিয়োগ পাওয়া ব্যক্তি কোনো ব্যাংক-কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা স্টক এক্সচেঞ্জের পরিচালক, কর্মকর্তা বা কর্মচারী অথবা উপদেষ্টা হতে পারবেন না। এছাড়া, তিনি নিজে বা তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের এক শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।
এতে আরো বলা হয়, আমানতকারী পরিচালক থাকার সময় তাকে আমানত অব্যাহত রাখতে হবে। রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং ঋণ, কর বা বিল খেলাপিরা পরিচালক হতে পারবে না।
পরিচালক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিধিতে বলা হয়েছে, ব্যাংকগুলো যোগ্যতা সম্পন্ন আমানতকারীদের মধ্য থেকে দু'জনকে পরিচালক নিয়োগের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাবটি অনুমোদনের পর নিয়োগ কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে অতিরিক্ত নাম চাইতে পারবে।
আমানতকারীদের মধ্য থেকে নির্বাচিত পরিচালকের মেয়াদ হবে তিন বছর। একাধারে দুই মেয়াদের বেশি (ছয় বছর) পরিচালক পদে কেউ থাকতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24