২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত আয় বৈধ করায় তেমন সাড়া নেই

অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার পর দেড় মাস পার হলেও এ সুবিধা গ্রহণ করেছেন মাত্র ৯২ জন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, ৩১ অক্টোবরের মধ্যে সুযোগটি গ্রহণ না করলে করফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 01:37 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত বা অঘোষিত আয় বৈধ করার সুযোগ দেওয়ার পর দেড় মাস পার হলেও এ সুবিধা গ্রহণ করেছেন মাত্র ৯২ জন। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, ৩১ অক্টোবরের মধ্যে সুযোগটি গ্রহণ না করলে করফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নতুন অর্থবছরের বাজেট ঘোষণার সময় ১ জুলাই থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ ঘোষণা করেন অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সদস্য পারশা বেগম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুযোগ ঘোষণার পর গত দেড় মাসে ৯২ জন মোট ১৫ কোটি ৪০ লাখ টাকা বৈধ করেছেন। জরিমানাসহ সরকারের কোষাগারে জমা পড়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে জরিমানা বাবদ এসেছে ২৩ লাখ ৯০ হাজার টাকা। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চার মাসের জন্য সুযোগ দেওয়া হয়েছে। প্রতিবারই প্রথমদিকে খুব কম সংখ্যক মানুষ এটি গ্রহণ করেন। তবে শেষের দিকে সবাই অপ্রদর্শিত আয় বৈধ করতে হুমড়ি খেয়ে পড়েন।" আবদুল মজিদ বলেন, "আমরা (এনবিআর) অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য কাউকে অনুরোধ করব না। যারা নির্ধারিত সময়ের মধ্যে অপ্রদর্শিত আয় বৈধ করবেন না; সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে অভিযানে নামবে এনবিআর। সব ধরনের করফাঁকিবাজদের বিরুদ্ধে বিদ্যমান আয়কর আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।" গতবার একই ধরনের সুযোগ ঘোষণার পর ৪২ হাজার ৪৪৯ জন মোট পাঁচ হাজার ২১৩ কোটি টাকা বৈধ করেছিলেন। কর বাবদ সরকার পেয়েছিল ৮০২ কোটি টাকা। এনবিআরের চেয়ারম্যান জানান, বৈধভাবে উপার্জিত আয়ের ওপর যে কোনো কারণেই হোক এতোদিন যারা কর দেননি তারা চলতি অর্থবছরের প্রযোজ্য হারে আয়কর এবং সেই আয়করের ওপর সাত শতাংশ জরিমানা দিয়ে ৩১ অক্টোবরের মধ্যে আয় বৈধ করার সুযোগ পাবেন। গতবার প্রথম দফায় দু'মাসের জন্য অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হয়। পরে এ সুবিধার মেয়াদ আরো দু'মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/১৯২৯ ঘ.