২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা করদাতাদের পুরস্কৃত করবে এনবিআর

প্রথমবারের মতো দেশের সেরা করদাতাদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলার সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2008, 10:38 AM

Updated : 26 Aug 2022, 02:15 PM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রথমবারের মতো দেশের সেরা করদাতাদের পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৬৪ জেলার সেরা করদাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, "প্রতি জেলার পাঁচ জন করদাতাকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে যারা দীর্ঘদিন ধরে নিয়মিত আয়কর দিয়ে আসছেন তাদের মধ্যে দু'জন এবং যারা বেশি কর দিয়েছেন তাদের মধ্যে থেকে তিন জনকে এ সম্মাননা দেওয়া হবে।" এনবিআর চেয়ারম্যান জানান, সেপ্টেম্বর মাসের ১৫ অথবা ১৬ তারিখ এ পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানটি যেদিন হবে সে দিনটিকে সরকারিভাবে 'জাতীয় আয়কর দিবস' হিসেবে ঘোষণা দেওয়া হবে। প্রতি জেলার সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে। তবে কত জনকে ওই পুরস্কার দেওয়া হবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান আবদুল মজিদ। এনবিআর চেয়ারম্যান আরও জানান, দেশের ৬৪ জেলার বাইরে রাজধানী ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনের সেরা আয়কর ও করদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও একইভাবে পুরস্কৃত করা হবে। তবে এ পুরস্কার দেওয়া হবে অন্য অনুষ্ঠানের মাধ্যমে। গত জুলাই মাসে মফস্বল এলাকা থেকে প্রায় ৯ হাজার ৭শ' ৭৮জন নতুন করদাতা (টিআইএন-কর সনাক্তকরণ নম্বরধারী) স্বেচ্ছায় তালিকাভুক্ত হয়েছেন বলে জানান আবদুল মজিদ। এদিকে গত অর্থ বছরের মতো চলতি অর্থ বছরের শুরুতেও রাজস্ব আদায় বৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। তিনি জানান, অর্থ বছরের প্রথম মাস জুলাইতে মোট তিন হাজার ৭শ' ৯ কোটি ৫২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এ অর্থ লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৮১ শতাংশ এবং গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ২৩ দশমিক ৬৭ শতাংশ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এসকে/১৬৩৩ঘ.