২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ও একটেলকে জরিমানা করেছে বিটিআরসি

অবৈধ ভিওআইপি সংযোগের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ায় দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি গ্রামীণফোনকে (জিপি) ২৫০ কোটি টাকা এবং জাল ফরমের মাধ্যমে গ্রাহক পুনঃনিবন্ধন করানোয় একটেলকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধ ভিওআইপি সংযোগের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ায় দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি গ্রামীণফোনকে (জিপি) ২৫০ কোটি টাকা এবং জাল ফরমের মাধ্যমে গ্রাহক পুনঃনিবন্ধন করানোয় একটেলকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। বৃহস্পতিবার বিটিআরসির আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রামীণফোনকে জরিমানার ব্যাপারে বিটিআরসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বাংলাদেশে আন্তজার্তিক কল টার্মিনেশন একটি নিবন্ধনকৃত সেবা। বিটিআরসি'র তদন্তে গ্রামীণফোনের অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয় এবং সে কারণে তাদের জরিমানা করা হয়। জরিমানার একটি অংশ পরিশোধ করেছে গ্রামীণফোন।' তদন্তের সময় জিপির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডারস ইয়েনসেন এবং তার দল পূর্ণ সহযোগিতা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আমরা আশা করব টেলিযোগাযোগ সেবা প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই কোনো ধরনের অবৈধ ভিওআইপি ব্যবসায় যুক্ত হবে না। এ ধরনের অবৈধ কল টার্মিনেশনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।' এ বিষয়ে গ্রামীণফোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ইয়ামিন বখত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ইতোমধ্যে জরিমানার টাকা দিয়েছেন এবং এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। জিপি'র সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে উদ্ধৃত করে বলা হয়, 'এ ধরনের অবৈধ কাজে গ্রামীণফোনের জড়িত থাকা এবং এ ঘটনা কেন আরও আগে উন্মোচিত হয়নি সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তদন্ত কাজে আমরা বিটিআরসিকে সাহায্য করেছি এবং প্রতিষ্ঠান ঠিকভাবে সব আইন মেনে চলছে কি না সেটা তদন্তের জন্য বাইরের একজন 'অডিটরের' মাধ্যমেও তদন্ত করছে গ্রামীণফোন বোর্ড।' ২০০৭ সালে একই কারণে ১৬৮ কোটি ৪০ লাখ টাকা জরিমানা দেয় গ্রামীণফোন। এদিকে জাল ফরমের মাধ্যমে অনৈতিকভাবে গ্রাহক পুনঃনিবন্ধন করার দায়ে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লিমিটেডকে (টিএমআইবি) পাঁচ কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) লিমিটেড 'একটেল' নামে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে। এ ব্যাপারে বিটিআরসি'র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'তদন্তে প্রমাণিত হয়েছে, টিএমআইবির কিছু ঠিকাদার জালিয়াতির মাধ্যমে গ্রাহক পুনঃনিবন্ধন ফরম পূরণে জড়িত ছিল যা বেআইনী। এ ধরনের কাজ বাধা দেওয়ার ব্যাপারে টিএমআইবির সামর্থ্যে ঘাটতি ছিল। প্রতিষ্ঠানটি জরিমানার অর্থ পরিশোধ করেছে।' বিটিআরটির চেয়ারম্যানকে উদ্বৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'আমরা আশা করব প্রত্যক্ষ ও পরোক্ষ কোনোভাবেই টেলিকম প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের অবৈধ কাজে যুক্ত হবে না। টেলিযোগাযোগ বিষয়ক কোনো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।' ২০০৭ সালে অবৈধ ভিওআইপির সঙ্গে জড়িত থাকার দায়ে ১৪৫ কোটি জরিমানা দেয় একটেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/টিএইচ/জিএনএ/এমএইচবি/১৯২৬ ঘ.