২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী জনতা অগ্রণীর খেলাপি ঋণ নিয়ে অর্থ উপদেষ্টার অসন্তোষ

পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। ব্যাংক তিনটির সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:14 PM

ঢাকা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। ব্যাংক তিনটির সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সোনালী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সার্বিকভাবে ব্যাংকগুলোর কর্মকাণ্ড সন্তোষজনক নয়। উপদেষ্টা বলেন, "পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর রাষ্ট্রায়াত্ত এ তিন ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক বা সিইও নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে ব্যাংকগুলোকে কিছু লক্ষ্যমাত্রাও ঠিক করে দেয়া হয়েছে। কিন্তু তারা সে লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ করতে পারেনি।" তিনি আরো বলেন, "কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া গেলেও সার্বিকভাবে ব্যাংকগুলোর কর্মকাণ্ড সন্তোষজনক নয়। বিশেষ করে খেলাপী ঋণ আদায়ে তারা কোনো উন্নতি করতে পারেনি। গ্রাহক সেবার মানের দিক দিয়েও কোনো অগ্রগতি হয়নি।" উপদেষ্টা জানান, এই তিন ব্যাংকে রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠানের মোটা অঙ্কের খেলাপি ঋণ রয়েছে। এছাড়া মামলা থাকায় ব্যাংকগুলো অনেকের কাছ থেকে খেলাপি ঋণ আদায় করতে পারছে না। এসব অর্থ কীভাবে আদায় করা যায় তা নিয়ে চিন্তাভাবনা চলছে। অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ডেপুটি গভর্নর নজরুল হুদা, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ বিভাগ সচিব আলী ইমাম মজুমদার, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এ চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয় ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে অংশ নেন। অগ্রণী ব্যাংককে বেশ কয়েক বছর আগে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হলেও সোনালী ও জনতা ব্যাংককে গত বছরের শেষভাগে কোম্পানি করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তিন ব্যাংকেই নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নিয়োগ দেয়া হয়। একই সঙ্গে ব্যাংকগুলোর জন্য কিছু লক্ষ্যমাত্রাও নির্ধারণ করে দেয়া হয়। ব্যাংকগুলো ছয় মাসে লক্ষ্যমাত্রার কতোটুকু অর্জন করতে পেরেছে তা মূল্যায়নের অংশ হিসেবে অর্থ উপদেষ্টা বৃহস্পতিবার সোনালী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের মধ্যে ১৩ দশমিক ১৫ শতাংশই খেলাপী রয়েছে। এর মধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকে খেলাপী ঋণের হার মোট ঋণের ৩০ শতাংশ। সোনালী ব্যাংকে এই হার ৩৫ শতাংশের বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/১৮৫৯ ঘ.