২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নে দরকার সরকারি ও বেসরকারি খাতের মিলিত প্রয়াস: অর্থ উপদেষ্টা

দেশে গ্যাস ও বিদ্যুৎসহ অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা মেটানো সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2008, 09:39 AM

Updated : 26 Aug 2022, 02:13 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে গ্যাস ও বিদ্যুৎসহ অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা মেটানো সরকারের একার পক্ষে সম্ভব নয় বলে মনে করছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এ সমস্যার সমাধান করতে হবে। রোববার রাজধানীর হোটেল শেরাটনে 'অবকাঠামো খাতের উন্নয়নে সরকার ও বেসরকারি খাতের অংশগ্রহণ' শীর্ষক সেমিনার উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বেসরকারি খাতের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, "পৃথিবীর যে কোনও দেশের তুলনায় আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত কম। এটা ১০ শতাংশেরও নিচে। জনসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাস, বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ অন্যান্য অবকাঠামো চাহিদা।" সীমিত সামর্থ্য নিয়ে এই চাহিদা সরকারের একার পক্ষে মেটানো সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, "রাজনৈতিক হস্তক্ষেপ, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, অব্যবস্থাপনাসহ নানা কারণে এতদিন অবকাঠামো খাতের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। কিন্তু এ খাতের উন্নয়ন ছাড়া অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনও অবস্থাতেই সম্ভব নয়। এতে বেসরকারি খাতের উন্নয়নও বাধগ্রস্ত হবে।" এ কারণে নিজেদের স্বার্থেই বেসরকারি খাতকে অবকাঠামো খাতের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান আজিজুল ইসলাম। তবে বেসরকারি খাতে ভোক্তারা যেন প্রতারণার শিকার না হয় সে দিকে দৃষ্টি রাখার ওপরও জোর দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, "বিনিয়োগ সহায়ক নীতি প্রণয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অনুকূল পরিবেশ নিশ্চিত করবে সরকার। আর বেসরকারি খাতকে এ সুযোগ কাজে লাগিয়ে অবকাঠামো খাতের উন্নয়নে এগিয়ে আসতে হবে।" দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাত এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অভিমত দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশের মোট বিনিয়োগের বেশিরভাগই এখন হচ্ছে বেসরকারি খাতে। জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাতের অবদান বেশি। এমনকি দারিদ্র্য বিমোচনেও বেসরকারি খাত উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। গ্যাস, বিদ্যুৎ ও বন্দর সমস্যার সমাধান করা গেলে জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশের ওপরে নিয়ে যাওয়া সম্ভব বলে দাবি করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক বলেন, "বিষয়টি অনুধাবন করেই বেসরকারি খাত এ সব সমস্যার সমাধানে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।" বিনিয়োগ বোর্ড ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক রিসার্র্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট (আইআরটিআই) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান কামালউদ্দিন আহমেদ ও আইআরটিআই'র ট্রেনিং প্রোগ্রামার ওসমান আহমেদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এসকে/১৫৩৪ঘ.