২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসবে: কেন্দ্রীয় ব্যাংক

দেশে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গত মার্চ মাস থেকে দেশে মূল্যস্ফীতির ধারা নিম্নমুখী। আমনের ফলন বোরোর মতো ভালো হলে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে মূল্যস্ফীতি ক্রমান্বয়ে কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, গত মার্চ মাস থেকে দেশে মূল্যস্ফীতির ধারা নিম্নমুখী। আমনের ফলন বোরোর মতো ভালো হলে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন (এপ্রিল-জুন ২০০৮) প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী তার ইউনিটের গবেষণা প্রবন্ধে এ পূর্বাভাস দেন। এতে বলা হয়েছে, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে এমন-আশঙ্কায় উৎপাদক-ব্যবসায়ী-ভোক্তা সবাই চাল মজুদ করায় বাজারে চালের জোগান বাড়েনি। এ কারণেই বোরোর বাম্পার ফলনের পরও চালের দাম কমেনি। মুজেরী বলেন, "পার্শ্ববর্তী যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে মূল্যস্ফীতি কম। গত জুন মাসের হিসাবে ভারতে মূল্যস্ফীতি ১১ শতাংশ, শ্রীলংকায় ২০ দশমিক ২ শতাংশ এবং পাকিস্তানে ২১ দশমিক ২ শতাংশ। আমাদের জুন মাসের হিসাব এখনও পাওয়া যায়নি। তবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মে মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। গত এপ্রিল মাসে এ হার ছিল ৭ দশমিক ৬৬ শতাংশ।" গত বছরের ডিসেম্বরে দুই অংক অতিক্রম করে মূল্যস্ফীতি ১১ দশমিক ৫৯ শতাংশে পৌঁছায়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, মার্চে তা কমে দুই অঙ্কের নিচে নেমে আসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, গত জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি মে মাসের চেয়ে বেড়ে ৭ দশমিক ৮ শতাংশ হয়েছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মুজেরী বলেন, "জুন মাসের হিসাব এখনও কেন্দ্রীয় ব্যাংকে আসেনি। সিএনজি ও জ্বালানি তেলের দাম বাড়ায় জুনে মূল্যস্ফীতি সামান্য বাড়তে পারে।" তবে আগামীতে এই হার কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়, গত বছর পর পর দুই দফা বন্যা, ঘুর্ণিঝড়, উৎপাদন ও জোগানের ব্যাঘাত, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যসহ জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি, বার্ড ফ্লু'র কারণে পোল্ট্রি খাতের ব্যাপক ক্ষতির পরও গত অর্থবছর ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে আগের অর্থ বছরের তুলানায় ৩১ দশমিক ৮ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। প্রায় ৮০০ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে এসেছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভও সন্তোষজনক অবস্থানে রয়েছে। রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ। বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে ২২ শতাংশ। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা হাবিব উল্লাহ বাহারও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১৫৫ ঘ.