২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামাঞ্চলের আমানত গ্রামেই বিনিয়োগ করুন: ব্যাংকগুলোকে অর্থ উপদেষ্টা

গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা আমানত শহরে না এনে পল্লী এলাকাতেই বিনিয়োগ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। দেশের ব্যাংকগুলোর বিরুদ্ধে গ্রামাঞ্চল থেকে সংগৃহীত আমানত শহরে বিনিয়োগ করার মাধ্যমে পল্লী অঞ্চলকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামাঞ্চল থেকে সংগ্রহ করা আমানত শহরে না এনে পল্লী এলাকাতেই বিনিয়োগ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। দেশের ব্যাংকগুলোর বিরুদ্ধে গ্রামাঞ্চল থেকে সংগৃহীত আমানত শহরে বিনিয়োগ করার মাধ্যমে পল্লী অঞ্চলকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জনতা ব্যাংক আয়োজিত 'জনতাকে দেশের সর্ববৃহৎ ব্যাংকে পরিণত করতে করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ পরামর্শ দেন। তিনি বলেন, "আমাদের ব্যাংকগুলো পল্লী অঞ্চল থেকে আমানত সংগ্রহ করে তা শহরে বিনিয়োগ করে মোটা অঙ্কের মুনাফা করে। এটা কোনোভাবেই উচিত নয়। এর ফলে অর্থনৈতিক দিক দিয়ে মফস্বল ও শহর অঞ্চলের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়।" গ্রামাঞ্চলে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ উৎপাদনশীল খাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, "ব্যাংকগুলো এসব শিল্পে বিনিয়োগ করে মুনাফা করতে পারে। কিন্তু তারা তা না করে শহরে এনে অনেক সময় অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ করছে।" আঞ্চলিক বৈষম্য দূর করতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে বেশি বিনিয়োগের জন্যও ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। মির্জ্জা আজিজ বলেন, "লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর জনতা, সোনালী ও অগ্রণী ব্যাংক নতুনভাবে কাজ শুরু করেছে। পরিচালনা পর্ষদ এখন স্বাধীন, তাদের ওপর কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ নেই। ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ড সেখানে নেই। সরকার বা অর্থ মন্ত্রণালয়ও ব্যাংকগুলোর কাজে হস্তক্ষেপ করছে না। এ অবস্থায় ব্যাংকগুলো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমরা আশা করছি।" সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকের শেয়ার ছাড়ার ব্যাপারে সরকার এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি জানিয়ে তিনি বলেন, "শেয়ার ছাড়ার বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।" সেমিনারে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ বলেন, "শুধু মোটা অঙ্কের বেতন ভাতা দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিলেই ব্যাংকগুলো লাভজনক হবে- এমন ভাবা ঠিক নয়। ব্যাংকে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। একইসঙ্গে ছয় মাস বা এক বছরের কর্মপরিকল্পনা ঠিক করে দিতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে তার নিয়োগ চুক্তি বাতিলের বিধান রাখতে হবে।" ব্যাংকগুলোতে দক্ষ ব্যবস্থাপনার জন্য একজন সিইও'র পাশাপাশি সাত থেকে দশ জন ডেপুটি সিইও নিয়োগের পরামর্শ দেন ইব্রাহিম খালেদ। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে অর্থ সচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ, জনতা ব্যাংকের চেয়ারম্যান সোহেল আহমেদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস এম আমিনুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান ইমাম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/১৯২২ঘ.