ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার বিক্রি করে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের মূল্য সমন্বয়ের কারণে বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) দরপতন হয়েছে। এ বাজারে লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ৭০ শতাংশের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের অবস্থা ছিল মিশ্র।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান স্টক অ্যান্ড বন্ডের বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "খুচরা বিনিয়োগকারীরা বাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন বলে মনে হচ্ছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি গত তিনদিনের দরপতনের বড় কারণ।"
নাম প্রকাশ না করার শর্তে একটি মধ্যস্ততাকারী প্রতিষ্ঠানের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, লেনদেনের পরিমাণ কমে যাওয়ায় বোঝা যাচ্ছে যে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমছে। গত দু'দিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় লেনদেনের পরিমাণ বেড়েছিল।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪০ দশমিক ৩৮ পয়েন্ট বা এক দশমিক ৪৪ শতাংশ কমে ২৭৬১ দশমিক ০৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫৭ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৫ শতাংশ কমে হয়েছে ২৪২৬ দশমিক ০৭ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩২ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ২৭ শতাংশ কমে ২৫২৬ দশমিক ২৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৯ কোটি টাকার এক কোটি ৭৮ লাখ ১৭ হাজার ৪৪০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকোর শেয়ারের দাম ৩ দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ১৩৯ টাকা ১০ পয়সা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম ৪ দশমিক ৭৩ শতাংশ কমে ১০২ টাকা ৫০ পয়সা হয়।
এসিআইয়ের শেয়ারের দাম ৩ দশমিক ২৭ শতাংশ বেড়ে ৫০৭ টাকা ৭০ পয়সায় পৌঁছায়।
মূল্য সমন্বয়ের কারণে ইউসিবিএল এর শেয়ারের দাম ৫০ দশমিক ৬৬ শতাংশ কমে ৩২৪২ টাকা ২৫ পয়সা হয়েছে।
কেয়া সমমেটিকসের শেয়ার ৩ দশমিক ১১ শতাংশ কমে হয়েচে ৯৩ টাকা ২০ পয়সা।
লেনদেনের তালিকায় সেরা দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, স্কয়ার টেক্সটাইল, লঙ্কা-বাংলা ফাইন্যান্স ও গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ারের দাম কমেছে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ারের দাম বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ভালো মানের (ব্লু-চিপ) শেয়ার ও ব্যাংক ছাড়া অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। এতে মিশ্রভাবে দিনশেষ করেছে বাজার।
সিএসইতে ৩৯ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকার ৪০ লাখ ৭ হাজার ৩৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১১২টির দাম কমেছে এবং চারটির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৮৫৯৩ দশমিক ৫৩ পয়েন্ট হয়েছে। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬০ দশমিক ৭৬ পয়েন্ট বা এক দশমিক ০৮ শতাংশ কমে হয়েছে ৫৫১৭ দশমিক ৫৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৮১ দশমিক ১২ পয়েন্ট বা এক দশমিক ০৪ শতাংশ কমে ৭৬৯৩ দশমিক ৩০ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২১৫০ ঘ.
bdnews24