ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় আসন্ন লন্ডন সম্মেলনে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছে 'মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড' গঠনের প্রস্তাব করবে বাংলাদেশ। আগামী ১০ সেপ্টেম্বর 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ গরিব দেশগুলো কী ধরনের ক্ষতির মুখোমুখি হচ্ছে এই সম্মেলনের মাধ্যমে তা বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বাংলাদেশ।
বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংক ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের (ডিএফআইডি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম। বৈঠকে 'ফোকাস বাংলাদেশ' সম্মেলনের প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক তহবিল গঠন নিয়ে আলোচনা হয়।
আজিজুল ইসলাম বলেন, "ফোকাস বাংলাদেশ সম্মেলনের প্রস্তুতি চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে। সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেবে।"
কী পরিমাণ অর্থের তহবিল গঠনের প্রস্তাব করা হবে- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে দাতা দেশ ও সংস্থার কাছে 'মাল্ট্রি ডোনার ট্রাস্ট ফান্ড' গঠনের জন্য প্যারিস কনসোর্টিয়াম বৈঠকের মতো সুনির্দিষ্ট কোনো অংকের সহায়তা চাইবে না বাংলাদেশ। তবে গত বছরের নভেম্বরে ভয়াবহ সিডরের আঘাতে বাংলাদেশের যে চারশ কোটি ডলারের ক্ষতি হয়েছিল- তা লন্ডন সম্মেলনে দাতাদের কাছে জোরালোভাবে উপস্থাপন করা হবে।"
অর্থ উপদেষ্টা আরো বলেন, "চলতি অর্থবছরের বাজেটে সরকার জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটাতে ৩০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। লন্ডন সম্মেলনে দাতারা বাংলাদেশের জন্য যে তহবিল গঠন করবে তার সঙ্গে এই ৩০০ কোটি টাকা সমন্বয় করা হবে।"
যে লক্ষ্য সামনে রেখে সম্মেলন আয়োজন করা হচ্ছে তা পূরণ হবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী রাজা দেবাশীষ রায় বলেন, "লন্ডন সম্মেলন সামনে রেখে সরকার একটি কৌশলপত্র তৈরি করছে। ওই কৌশলপত্র সম্মেলনে উপস্থাপন করা হবে। দাতাদের দেয়া সহায়তা কোন কোন খাতে, কীভাবে ব্যয় করা হবে- তা ঐ কৌশলপত্রে তুলে ধরা হবে।"
রাজা দেবাশীষ রায় জানান, বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা। প্রতিনিধি দলে তিনি নিজে ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন।
ডিএফআইডি'র ঢাকা কার্যালয়ের বেসরকারি খাত বিষয়ক সিনিয়র পরামর্শক রিচার্ড বোল্টার বলেন, "লন্ডন সম্মেলন সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য আমরা বৈঠকে বসেছিলাম। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছে থেকে ইতিবাচক সাড়া পাবে বলে আশা করছি।"
বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি জিয়েন জুসহ ডিএফআইডি, বিশ্বব্যাংক ও সরকারের উর্ধ্বতন কর্মকতার্রা বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন শিল্পোন্নত দেশের সরকারি ও বেসরকারি প্রতিনিধি এবং বিশ্বব্যাংক, ডিএফআইডি, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/এমএইচবি/১৯৩১ ঘ.
bdnews24