ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীর্ষ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) পুঁজিবাজারে শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) প্রস্তাব জমা দিয়েছে।
মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষে কোম্পানিটির প্রধান ফিনান্সিয়াল অফিসার আরিফ আল ইসলাম এসইসি-র চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে তাদের প্রস্তাব হস্তান্তর করেন।
পরে এক সংবাদ ব্রিফিংয়ে আরিফ আল ইসলাম জানান, কোম্পানিটি দুই হাজার কোটি টাকা মূল্যের প্রাথমিক শেয়ার ছাড়ার খসড়া প্রস্তাব জমা দিয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ গ্রামীণফোন এসইসি'র তালিকাভুক্ত কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
গ্রামীণফোন কর্মকর্তাটি জানান, পুঁজিবাজারে ছোট আকারের লটে (শেয়ার গুচ্ছ) এর শেয়ার ছাড়া হতে পারে।
সাধারণ মানুষ যেন অংশ নিতে পারে সে চেষ্টাই করা হচ্ছে- জানান আরিফ আল ইসলাম।
গত সপ্তাহে গ্রামীণফোন লিমিটেড পুঁজিবাজারে ৩০ কোটি ডলারের সমমূল্যের শেয়ার ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করে। এর মধ্যে অর্ধেক প্রাথমিক শেয়ার এবং বাকি শেয়ার বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে প্রাক-আইপিও ব্যবস্থায় বিক্রির সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।
জিপি'র একজন শীর্ষ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ১৭ টাকার প্রিমিয়ামসহ জিপি'র প্রতি শেয়ারের দাম হবে ১৮ টাকা। এ থেকে অর্জিত টাকা কোম্পানির নেটওয়ার্কের উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানান তিনি।
১৯৯৭ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে গ্রামীণফোন। এই কোম্পানির ৬২ শতাংশের মালিকানা নরওয়ের মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিনরের। বাদ বাকি ৩৮ শতাংশের অংশীদার গ্রামীণ গ্র"পের গ্রামীণ টেলিকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৭৫৩ঘ.
bdnews24