চট্টগ্রাম, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস সংযোগ পাওয়ার অপেক্ষায় থাকা শিল্প কারখানাগুলোকে তাদের বিনিয়োগ পরিস্থিতির ভিত্তিতে পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।
যেসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ইতিমধ্যেই পুরোপুরি সম্পন্ন হয়েছে প্রথম দফায় তাদের গ্যাস সংযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বিদ্যুৎ সঙ্কট নিরসনের লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে চট্টগ্রামে 'মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট' নামে ভাড়ায় চালিত একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে বন্দরনগরীর শিল্পখাতে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে গঠিত সরকারি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
গত মাসে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক সংলাপে এ সঙ্কট নিরসনের বিষয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উচ্চ পর্যায়ের এ কমিটি গঠনের ঘোষণা দেন। সোমবার ছিল ১৫ সদস্যের এই উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠক।
কমিটির বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে কমিটির প্রধান বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, "বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট নিরসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তবে আপাতত সমস্যা মোকাবেলায় স্বল্পমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। ছয়মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়িত হবে।"
বাণিজ্য উপদেষ্টা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকায় এ কমিটির আরেকটি বৈঠক হবে। ওই বৈঠকের পর প্রস্তুাবগুলো চূড়ান্ত করে তা অনুমোদন ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে উত্থাপন করা হবে।
উপদেষ্টা জানান, বৈঠকে বিনিয়োগ সম্পন্ন হয়েছে কিন্তু শুধু গ্যাসের অভাবে চালু হচ্ছে না এমন ৭২টি শিল্প প্রতিষ্ঠানকে প্রথম দফায় সংযোগ দেওয়া হবে। যারা বিনিয়োগের চূড়ান্ত অনুমোদন পেয়েছে তাদের দ্বিতীয় এবং যারা বিনিয়োগের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শেষ করেছে তাদের তৃতীয় দফায় সংযোগ দেওয়া হবে।
কাপ্তাইসহ অন্য বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র চালুর সুপারিশ করা হয়েছে বলে উপদেষ্টা জানান। তিনি বলেন, এর মাধ্যমে প্রায় দেড়শ' মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ পাওয়া যাবে। স্বল্প ও মধ্য মেয়াদী এসব প্রকল্প আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা।
হোসেন জিল্লুর রহমান আগামী ছয় মাসের মধ্যে চট্টগ্রামে 'মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট' নামে ভাড়ায় চালিত একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্তের কথাও জানান। গ্যাসের বদলে এতে ফার্নেস অয়েল ব্যবহার করা হবে।
বাণিজ্য উপদেষ্টা জানান, চট্টগ্রামবাসীর 'দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে' বাখরাবাদ গ্যাস সিস্টেমকে পৃথক করে 'কর্ণফুলী গ্যাস সিস্টেম' নামে নতুন একটি কোম্পানি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বাণিজ্য উপদেষ্টা ছাড়াও বৈঠকে বক্তব্য দেন কমিটির সদস্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ম. তামিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী এমএ মালেক, পরিকল্পনা কমিশনের সদস্য এ এস এম নাসির উদ্দিন, পেট্রোবাংলার চেয়ারম্যান জালাল আহমেদ, বেটার বিজনেস ফোরামের সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, এফবিসিসিআই পরিচালক আমীরুল হক, বিজিএমইএ'র প্রথম সহ-সভাপতি এম এ সালাম।
এছাড়া বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবির খান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ মোহসীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মঞ্জুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আকতার উদ্দিনসহর্ র্ঊদ্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/এসকে/১৯১৭ঘ.
bdnews24