২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় দিনের মতো চাঙ্গা ঢাকার পুঁজিবাজার

ভালো মানের শেয়ারের (ব্লু-চিপ) লেনদেনে ভর করে রোববার টানা তৃতীয় দিনের মতো ঢাকার পুঁজিবাজারের সূচকে ঊর্ধ্বগতি বজায় ছিল। তবে ব্যাংক, সিরামিক ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমায় সপ্তাহের শুরুর দিনে চট্টগ্রামের শেয়ার বাজারে দরপতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভালো মানের শেয়ারের (ব্লু-চিপ) লেনদেনে ভর করে রোববার টানা তৃতীয় দিনের মতো ঢাকার পুঁজিবাজারের সূচকে ঊর্ধ্বগতি বজায় ছিল। তবে ব্যাংক, সিরামিক ও তথ্য প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমায় সপ্তাহের শুরুর দিনে চট্টগ্রামের শেয়ার বাজারে দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক ০২ পয়েন্ট বা দশমিক ২৪ শতাংশ বেড়ে ২৮৮৫ দশমিক ১০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ বেড়ে হয়েছে ২৪৯৮ দশমিক ৬৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩০ দশমিক ৬২ পয়েন্ট বা এক দশমিক ১৬ শতাংশ বেড়ে ২৬৬৬ দশমিক ৭৬ পয়েন্ট হয়। ডিএসইতে ৩৭০ কোটি টাকার ২ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত ছিল তিনটির দাম। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আইডিএলসি'র এক কর্মকর্তা বলেন, "মিউচুয়াল ফান্ড ও ব্লু-চিপ শেয়ারের ভালো লেনদেন হয়েছে। অন্যান্য খাতের অবস্থা ছিল মিশ্র।" সূচকে ঊর্ধ্বগিত থাকলেও বাজার এখনও শঙ্কা মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজারে আজ (রোববার) শেয়ার কেনা-বেচার হার প্রায় সমান ছিল। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ভালো থাকলেও খুচরা বিনিয়োগকারীরা এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।" ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "খুচরা বিনিয়োগকারীরা এখনও লেনদেনে অংশ নিতে শঙ্কার মধ্যে রয়েছেন। তবে পুঁজিবাজারের বৈশিষ্ট্য হলো এখানে ওঠা-নামা থাকবে।" লেনদেনের তালিকার শীর্ষে থাকা কেয়া কসমেটিকসের শেয়ারের দাম ৪ দশমিক ৪৫ শতাংশ বেড়ে হয়েছে ৯৬ টাকা ২০ পয়সা। ইউসিবিএল এর শেয়ারের দাম ৬ দশমিক ০৭ শতাংশ বেড়ে ৬৭১৩ টাকা ৫০ পয়সা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম দশমিক ৮৫ শতাংশ কমে ৪১৬৮ টাকা ২৫ পয়সা হয়। বিএটিবিসি'র শেয়ারের দাম ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২৪৪ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। বেক্সিমকো ফার্মার শেয়ার ২ দশমিক ৬৮ শতাংশ কমে ১১২ টাকা ৪০ পয়সা হয়েছে। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে লঙ্কা বাংলা ফিন্যান্স, এসিআই ও বেক্সিমকোর শেয়ারের দাম কমেছে। ইসলামী ব্যাংক ও আইসিবি এএমসিএল দ্বিতীয় এনবিআর মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার ৫০ লাখ ১১ হাজার ৫৮৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৬২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭৭টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৮৭৯৬ দশমিক ৯৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৩ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ কমে হয়েছে ৫৬৬৮ দশমিক ৭৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২০ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ কমে ৭৮৪৮ দশমিক ৪৮ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২২১১ ঘ.