ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দরিদ্র মানুষের কাছে স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী বিক্রির কাজে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রদেরও সম্পৃক্ত করতে চান বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের এ কথা জানান।
জিল্লুর রহমান বলেন, "বিশ্ববিদ্যালয় ছাত্ররা বিভিন্ন সময়ে জাতির ক্রান্তিলগ্নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অনেক কাজ করে থাকে। এবারও তাদের স্বেচ্ছাশ্রমের সুযোগ রয়েছে। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে ছাত্রদের এসব কাজে লাগানোর কথা ভাবা হচ্ছে। তারা স্বল্পমূল্যে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য বিক্রির কাজে সহায়তা দিতে পারবে।"
রমজানে যৌথবাহিনীসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে বাজার তদারকি জোরদার করা হবে জানিয়ে তিনি বলেন, "পাইকারি থেকে খুচরা বাজার পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে তথ্যভিত্তিক মনিটরিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। টিসিবি ও বিডিআর ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান বা সংগঠনের মাধ্যমে ন্যায্যমূল্যের দোকান চালু করা হবে। শ্রমঘন এলাকায় এসব দোকান করার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।"
বাণিজ্য উপদেষ্টা জানান, দেশে খাদ্যশস্য ও ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের মূল্য নিম্নমুখী। পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকলেও সঙ্কট পরিস্থিতি মোকাবেলায় মিয়ানমার ও চীন থেকে আমদানির কথা ভাবা হচ্ছে।
রমজান সামনে রেখে সীমান্তপথে আসা পচনশীল পণ্য দ্রুত খালাস ও দেশে প্রবেশের ব্যাপারে করণীয় নির্ধারণে স্থলবন্দর কর্তৃপক্ষের একজন যুগ্ম-সচিবের নেতৃত্বে কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিডিআর ও ব্যবসায়ী প্রতিনিধিরাও থাকবেন। সীমান্ত এলাকা পরিদর্শন করে আগামী ১০ দিনের মধ্যে সুপারিশ দেবেন তারা।
রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি সংস্থা টিসিবিকে কাজে লাগানোর বিষয়ে হোসেন জিল্লুর বলেন, "টিসিবি'র জনবল ও অবকাঠামোসহ বেশ কিছু সমস্যা থাকলেও তা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। মজুদ বৃদ্ধির জন্য বিডিআরের মতো টিসিবিকেও ডাল, তেল ও পেঁয়াজ আমদানি করতে বলা হয়েছে। তবে টিসিবির আহ্বান করা দরপত্রে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/এসকে/১৭৫৩ঘ.
bdnews24