২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাবতকালের মধ্যে সর্বোচ্চ লাভ করেছে মিল্কভিটা

দুধ ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা যাবতকালের মধ্যে সর্বোচ্চ লাভ করেছে। গত ২০০৭-০৮ অর্থবছরে মিল্ক ভিটা লাভ করেছে ১১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা। এর আগের বছর লাভ হয়েছিল মাত্র ৩৫ লাখ ৪৪ হাজার টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 02:50 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুধ ও দুগ্ধজাত সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্কভিটা যাবতকালের মধ্যে সর্বোচ্চ লাভ করেছে। গত ২০০৭-০৮ অর্থবছরে মিল্ক ভিটা লাভ করেছে ১১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা। এর আগের বছর লাভ হয়েছিল মাত্র ৩৫ লাখ ৪৪ হাজার টাকা। দুর্নীতিবিরোধী উদ্যোগ ও 'অভ্যন্তরীণ সমন্বয়' লাভের অঙ্কের এই নজিরবিহীন বৃদ্ধির পেছনে কাজ করেছে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শনিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বলেন, মিল্ক ভিটা গত এক বছরে প্রায় ১১ কোটি ৪৫ লাখ ১৩ হাজার টাকা লাভ করেছে যা বিগত কোন বছরেই অর্জন করা সম্ভব হয়নি। উপদেষ্টা জানান, মিল্ক ভিটা দুগ্ধ উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহ করা দুধের মূল্য এক বছরে লিটারপ্রতি সাত টাকা বাড়িয়েছে। বার্ষিক সাধারণ সভায় এর পরিমাণ আরো এক টাকা বাড়ানো হবে। সভায় জানানো হয়, ২০০৭-০৮ অর্থবছরে মিল্ক ভিটা সমবায়ী কৃষকদের কাছ থেকে ৫৫৫ কোটি চার লাখ লিটার দুধ সংগ্রহ করেছে। এতে মোট ব্যয় হয়েছে ২১৮ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা। একই সময়ে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে মিল্ক ভিটার আয় হয়েছে ২২৯ কোটি ৫৭ লাখ ৮১ হাজার টাকা। অথচ ২০০৬-০৭ অর্থবছরে ২৩১ কোটি ২৪ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে ৬৭৯ কোটি ৮০ লাখ লিটার দুধ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি এ থেকে মাত্র ৩৫ লাখ ৪৪ হাজার টাকা লাভ করে। আবার এর আগের বছরই ২১৫ কোটি ৯৩ লাখ আট হাজার ব্যয়ে ৭৪০ কোটি ১৭ লাখ লিটার দুধ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি লাভ করে তিন কোটি ৯৬ লাখ ৪৯ হাজার টাকা। দেশে উৎপাদনের তুলনায় দুধের চাহিদা অনেক বেশি হলেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে মিল্ক ভিটা আশানুরূপ ব্যবসা করতে পারেনি। উপদেষ্টা জানান, দুধ ও দুধজাতীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মান উন্নয়নে সরকার শিগগিরই 'ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড অথবা কাউন্সিল' প্রতিষ্ঠা করতে যাচ্ছে। এ লক্ষ্যে আইনের খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আইনটি চূড়ান্ত করা হবে। ডেইরি বোর্ড গঠন প্রসঙ্গে তিনি বলেন, "দেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা নেই। ফলে অন্য দুধ কোম্পানিগুলো ইচ্ছামতো দুধের দাম নিচ্ছে। দাম কম হওয়ায় তারা মিল্ক ভিটার দুধ ও দুগ্ধজাত পণ্য কিনে নিয়ে নিজেরা বেশি দামে বিক্রি করছে।" পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অলাভজনক প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখতে দুটি কমিটি গঠন করেছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী ইতোমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতির নথিপত্র দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হয়েছে। মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে বার্ষিক আয় ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলতাফ হোসেন। 'দেশে দুগ্ধ শিল্পের সম্ভাবনা' শীর্ষক একটি প্রস্তাব উপস্থাপন করেন মিল্ক ভিটা ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) কামাল আহমাদ। আনোয়ারুল ইকবাল জানান প্রকল্প চালু না হলেও কাজ ছাড়া বেতন পাওয়া অপ্রয়োজনীয় অনেক কর্মীকে অব্যহতি দেওয়া হবে। এছাড়া পরিবহন ব্যয় কমিয়ে আনা গেলে লাভের পরিমাণ বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপদেষ্টা বলেন," প্রতিবেশী দেশ ভারতে দুধ উৎপাদনকারীদের কাছ থেকে সংগ্রহের পর পুরো প্রক্রিয়াজাতকরণে ব্যয় হয় মাত্র পাঁচ টাকা। অথচ বাংলাদেশে এ ব্যয় ১৫ থেকে ১৬ টাকা।" বার্ষিক সাধারণ সভায় দেওয়া তথ্য অনুযায়ী বিক্রয় মূল্য না বাড়ানোয় মিল্ক ভিটার প্রতি মাসে ব্যয় বেড়েছে প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বর্তমানে মিল্ক ভিটার নিজস্ব তারল্যের পরিমাণ ৪১ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া ১১ কোটি ২০ লাখ টাকার সুদমুক্ত ঋণ এবং ৩৫ কোটি ২২ লাখ টাকার সুদসহ ঋণ রয়েছে। পরিশোধযোগ্য ঋণ ও সুদের পরিমাণ ৪৩ কোটি ৪১ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৪০ঘ.