২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের মুনাফার রাশ টেনে ধরেছে মূল্যস্ফীতি

চলতি বছরের এপ্রিল-জুন সময়ে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পরিচালন মুনাফা (অপারেটিং প্রোফিট) ৮৫ শতাংশ কমে গেছে। গ্রামীণ ফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক নরওয়েজিয়ান প্রতিষ্ঠান টেলিনরের আয়ও এই সময়ে দেড় শতাংশ কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 06:02 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এপ্রিল-জুন সময়ে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের পরিচালন মুনাফা (অপারেটিং প্রোফিট) ৮৫ শতাংশ কমে গেছে। গ্রামীণ ফোনের ৬২ ভাগ শেয়ারের মালিক নরওয়েজিয়ান প্রতিষ্ঠান টেলিনরের আয়ও এই সময়ে দেড় শতাংশ কমেছে। টেলিনরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। পাকিস্তান, বাংলাদেশ ও থাইল্যান্ডে মূল্যস্ফীতি বাড়ায় এবং নরওয়েজিয়ান মুদ্রা ক্রোনের মান বেড়ে যাওয়ায় টেলিনর ২০০৮ সালে তাদের মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করেছিল। টেলিনরের হিসাবে, চলতি বছরের এপ্রিল-জুন সময়ে গ্রাহক প্রতি তাদের মুনাফা (এভারেজ রেভিনিউ পার ইউজার) গত বছরের এই সময়ের তুলনায় পাকিস্তানে ১৪ শতাংশ, থাইল্যান্ডে ২৪ শতাংশ ও বাংলাদেশে ২৪ শতাংশ হারে কমেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে টেলিনর বলেছে, খাদ্য, জ্বালানিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোতে গ্রাহকরা টেলিফোন খাতে ব্যয় কমিয়ে দিয়েছেন। এর প্রভাব পড়েছে টেলিনরের ওপরও। টেলিনরের আয় গত বছরের এপ্রিল-জুন সময়ের ৭ দশমিক ৩২ ক্রোনে থেকে কমে চলতি বছরের এপ্রিল-জুন সময়ে হয়েছে ৭ দশমিক ২১ বিলিয়ন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রব্যমূল্য ছাড়াও ভিওআইপি ব্যবহার করে বৈদেশিক কলের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি বাংলাদেশে গ্রামীণ ফোনের পরিচালন মুনাফা ৮৫ শতাংশ কমে যাওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রেখে থাকতে পারে। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে বর্তমানে টেলিনরের গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৩০ লাখ। কিন্তু নর্ডিক দেশগুলোর বাজারে লাভের পরিমাণ কমে যাওয়ায় টেলিনরকে মুনাফার জন্য এখন এশিয়া ও পূর্ব ইউরোপের বাজারের ওপরই নির্ভর করতে হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটেরি কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, গত জুন মাসে বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক ছিল ৪ কোটি ৩৭ লাখ। এর মধ্যে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ২ কোটি ৩১ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এডি/জেকে/এমএইচবি/২৩৫৬ ঘ.