২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিন পর পুঁজিবাজার কিছুটা চাঙ্গা

টানা সাত দিন দরপতনের পর বুধবার পুঁজিবাজার কিছুটা চাঙ্গাভাবে দিন শেষ করেছে। শেয়ার সূচকগুলোর ঊর্ধ্বগতি থাকলেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা সাত দিন দরপতনের পর বুধবার পুঁজিবাজার কিছুটা চাঙ্গাভাবে দিন শেষ করেছে। শেয়ার সূচকগুলোর ঊর্ধ্বগতি থাকলেও আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। ওষুধ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি ভালোমানের (ব্লু-চিপ) শেয়ারের দাম বাড়ায় এদিন সূচকে ঊর্ধ্বগতি ছিল। তবে নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) বিধিনিষেধের কারণে মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের বড় ধরনের দরপতন হয়েছে। মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মিউচুয়াল ফান্ডগুলোর বোনাস বা রাইট শেয়ার ঘোষণার ওপর নিষেধাজ্ঞা দেয়। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৭ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে ২৭৭২ দশমিক ৫১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক এক দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ২৪১৬ দশমিক ৬৯ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৬ দশমিক ৪৫ পয়েন্ট বা এক দশমিক ৪৩ শতাংশ বেড়ে ২৫৭৭ দশমিক ৯০ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৮৭ কোটি টাকার ২ কোটি ৩০ লাখ ১১ হাজার ৪৫৬টি শেয়ার লেনদেন হয়। মঙ্গলবার ৩১১ কোটি টাকার শেযার লেনদেন হয়। ডিএসইতে ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আইডিএলসি'র এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওধুধ, বিদ্যুৎ ও জ্বালনি খাতের শেয়ারের দাম বেড়েছে। তবে বোনাস শেয়ার ঘোষণার ওপর নিষেধাজ্ঞা জারি করায় মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে।" ডিএসইর প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "গত কয়েকদিনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় বাজার ঘুরে দাঁড়িয়েছে। শঙ্কার কারণে খুচরা বিনিয়োগকারীরা লেনদেনে কম অংশ নিলেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক ছিল।" লেনদেনের তালিকার শীর্ষে থাকা এসিআইয়ের শেয়ারের দাম ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে হয়েছে ৫০৯ টাকা ৯০ পয়সা। ইউসিবিএল এর শেয়ারের দাম ৪ দশমিক ৮৯ শতাংশ কমে ৬৫১৮ টাকা ৫০ পয়সা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম এক দশমিক ৯৩ শতাংশ বেড়ে ৪২২৫ টাকায় পৌঁছায়। বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ২ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১১৩ টাকা ৫০ পয়সা হয়। বেক্সিমকোর শেয়ার ৯ দশমিক ২২ শতাংশ বেড়ে ১২৯ টাকা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেয়া কসমেটিকস, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান ও এবি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বিএটিবিসি'র শেয়ারের দাম বেড়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান তিতাসের শেয়ার ছাড়ার ১৬তম দিন পর্যন্ত মোট ২ লাখ ২ হাজার ৭০০ শেয়ার বিক্রি হয়েছে বলে জানিয়েছে শেয়ার বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান আইসিবি। প্রতিষ্ঠানটির মোট ২ কোটি ১৪ লাখ ১১ হাজার ৭২৮টি শেয়ার বিক্রির জন্য বাজারে ছাড়া হয়েছে। ডিএসইতে তালিকাভুক্তির শর্তানুসারে প্রথম ৩০ দিনে বাজারে ৮৫ লাখ শেয়ার বিক্রি করতে হবে প্রতিষ্ঠানটিকে। দিনশেষে তিতাসের শেয়ারের দাম আগের দিনের চেয়ে এক দশমিক ০৯ শতাংশ বেড়ে ৩১৫ টাকা ২৫ পয়সা হয়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকার ৫৩ লাখ ৯৪ হাজার ৭৪৯টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬২টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে ৮৫৪৮ দশমিক ৯৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ১৬ দশমিক ৭৮ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ বেড়ে হয়েছে ৫৪৮৫ দশমিক ৭৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬ দশমিক ০৫ পয়েন্ট বা দশমিক ০৭ শতাংশ বেড়ে ৭৬৪১ দশমিক ৩০ পয়েন্ট হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২১১০ ঘ.