ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ছাড়া অন্য সব ব্যাংকে আমানতকারীদের মধ্য থেকে দু জন পরিচালক নিয়োগসংক্রান্ত বিধি জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
আমানতকারী পরিচালককে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক ডিগ্রিধারী হওয়ার পাশাপশি নিজ পেশায় সুনামের অধিকারী হতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, 'অর্থনীতি, বাণিজ্য, ব্যবসায় প্রশাসন ইত্যাদি বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বা শিল্প-বাণিজ্যে পেশাগত অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিদের পরিচালক নিয়োগে প্রাধান্য দিতে হবে। নিয়োগ পাওয়া ব্যক্তি কোনো ব্যাংক-কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি বা স্টক এক্সচেঞ্জের পরিচালক, কর্মকর্তা বা কর্মচারি অথবা উপদেষ্টা হতে পারবেন না। এছাড়া, তিনি নিজে বা তার পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের এক শতাংশের বেশি শেয়ার ধারণ করতে পারবেন না।'
'আমানতকারী পরিচালক থাকার সময় তাকে আমানত অব্যাহত রাখতে হবে।'
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্যই ব্যাংকগুলোতে ১৩ জন পরিচালকের বাইরে আমানতকারীদের মধ্য থেকে আরো দু'জন পরিচালক নিয়োগের বিধান করা হয়েছে।
বুধবার বিকেলে বিধিটি জারির পরপরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন সব ব্যাংকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়।
'আমানতকারীদের মধ্য থেকে ব্যাংক-কোম্পানির পরিচালক নিয়োগ সম্পর্কিত বিধি ২০০৮' নামে অভিহিত বিধিটি অবিলম্বে কার্যকর হবে- জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গভর্নর বলেন, "আমানতকারীদের মধ্য থেকে ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ দুজন পরিচালক নিয়োগ পেলে ব্যাংকগুলোও লাভবান হবে। তারা ব্যাংকের পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনায় রাখবেন।"
রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট এবং ঋণ, কর বা বিল খেলাপিদের পরিচালক হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
পরিচালক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিধিতে বলা হয়েছে, 'ব্যাংকগুলো যোগ্যতা সম্পন্ন আমানতকারীদের মধ্য থেকে দু'জনকে পরিচালক নিয়োগের প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাবটি অনুমোদনের পর নিয়োগ কার্যকর হবে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে অতিরিক্ত নাম চাইতে পারবে।'
আমানতকারীদের মধ্য থেকে নির্বাচিত পরিচালকের মেয়াদ হবে তিন বছর। একাধারে দুই মেয়াদের বেশি (ছয় বছর) পরিচালক পদে কেউ থাকতে পারবেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০১১ ঘ.
bdnews24