ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বাংলাদেশে সহায়তার পরিমাণ দ্বিগুণ করার আশ্বাস দিয়েছে বিশ্বব্যাংক। জরুরি খাদ্য সহায়তা হিসেবে ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন ডলার) দেবে সংস্থাটি।
ঢাকা সফররত বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো রোববার সাংবাদিকের এ তথ্য জানান।
এর আগে গত ১৪ জুলাই এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিদায়ী আবাসিক প্রতিনিধি হুয়া দু জানিয়েছিলেন, খাদ্য নিরাপত্তার জন্য দাতা সংস্থাগুলো চলতি অর্থবছরে বাংলাদেশকে মোট ৩৪ কোটি ডলার সহায়তা দেবে। এর মধ্যে এডিবি একাই দেবে ১৭ কোটি ডলার। বিশ্বব্যাংক ও অন্য সংস্থাগুলো মিলে দেবে বাকি অর্থ।
চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার যে সব কর্মসূচি নিয়েছে, তা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশকে সহায়তা দেওয়া হচ্ছে বলে হুয়া দু জানিয়েছিলেন। এ বিষয়টি সমন্বয় করছে এডিবি।
রোববার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করেন ইসাবেল গেরেরো।
এর পর তিনি সাংবাদিকদের বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা দেওয়ার পাশাপাশি বিশ্বব্যাংক বাংলাদেশে খাদ্য সঙ্কট নিরসনেও সহায়তা দিয়ে যাবে। প্রথম পর্যায়ে বাংলাদেশকে ১০ কোটি ডলারের জরুরি খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।"
তবে কবে নাগাদ এ অর্থ বাংলাাদেশ পাবে, সে বিষয়ে কিছু জানাননি বিশ্বব্যাংক কর্মকর্তা।
প্রয়োজনে সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, "চলতি অর্থবছর থেকে বাংলাদেশের উন্নয়ন খাতে বিশ্বব্যাংকের সহায়তার পরিমাণ আগের অর্থবছরগুলোর চেয়ে দ্বিগুণ হতে পারে।"
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, "বাংলাদেশের সামনে এখন মূলত তিনটি চ্যালেঞ্জ। এগুলো হচ্ছে- জলবায়ু পরিবর্তন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব এবং খাদ্য নিরাপত্তা। এ তিনটি বিষয়েই বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা দেবে।"
আগামী ১০ সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন বিষয়ে লন্ডনে 'ফোকাস বাংলাদেশ' শীর্ষক আন্তর্জাতিক একটি সম্মেলন হবে- এ তথ্য জানিয়ে ইসাবেল বলেন, "জলবায়ু পরিবর্তনের বিষয়ে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায়, তা নিয়ে ওই সম্মেলনে আলোচনা হবে। বিশ্বব্যাংক কিভাবে সহায়তা করতে পারে, তাও সেখানে তুলে ধরা হবে।"
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "আমাদের বাজেট ঘাটতির মাত্রা কমাতে বিশ্বব্যাংক খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সুরক্ষা খাতে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। এ সহায়তা পাওয়া গেলে আমাদের বাজেট ঘাটতি কমিয়ে আনা সহজ হবে।"
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গেরেরো শনিবার রাতে ঢাকায় পৌঁছেছেন। দায়িত্ব নেওয়ার পর এটাই বাংলাদেশে তার প্রথম সফর। তিনি প্রফুল সি প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/এমআই/১৩৩২ ঘ.
bdnews24