আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো ধানের বাম্পার ফলনের পরও চালের আমদানি প্রত্যাশা অনুযায়ী না কমায় মোট আমদানি ব্যয় কমেনি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে প্রায় দুই বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে যা আগের মাসের চেয়ে দশমিক ২৮ বিলিয়ন ডলার বেশি।
মে মাসে সব মিলিয়ে ১ দশমিক ৭১ বিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছিল। জুনে হয়েছে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলারের ।
এর মধ্যে চাল আমদানি খাতে ব্যয় হয়েছে ২২ দশমিক ২৮ মিলিয়ন ডলার। গম আমদানির জন্য ব্যয় হয়েছে ৩৪ দশমিক ২১ মিলিয়ন ডলার।
আর এ কারণে অতীতের সব রেকর্ড ভেঙে এবার এক বছরে বাণিজ্য ঘাটতি ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
২০০৭-০৮ অর্থ বছরের জুলাই-মে সময়ে বাণিজ্য ঘাটতি ৫ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। জুন মাসের রপ্তানি আয়ের হিসাব এখনও পাওয়া যায়নি। এ হিসাব পাওয়া গেলে ঘাটতি সাড়ে ৬ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকবে বলে পূর্বাভাস দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান।
বোরো ও গমের বাম্পার ফলনের পর খাদ্য আমদানি কমবে বলে আশা করা হলেও বাস্তবে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ব্যাংকগুলোতে চাল ও গম আমদানির জন্য আগের মতোই ঋণপত্র (এলসি) খোলা হচ্ছে। চলতি মাসের ১০ দিনে (১০ জুলাই পর্যন্ত) ৬ দশমিক ৯৭ মিলিয়ন ডলারের চাল আমদানি হয়েছে। আর গম আমদানি হয়েছে ৪ দশমিক ৯৫ মিলিয়ন ডলারের।
এ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, সরকারি উদ্যোগে এখন গম আমদানি করা হচ্ছে। গমের ভবিষৎ বাজার বিবেচনায় রেখে পর্যাপ্ত মজুদ গড়ে তোলার জন্য সরকারি উদ্যোগে গম আমদানি অব্যাহত রাখা হয়েছে।
কয়েক দিন আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এক লাখ টন গম আমদানি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভারতের প্রতিশ্র"ত ৫ লাখ টনের বাকি চাল ছাড়া সরকার আপাতত বিদেশ থেকে চাল আমদানি করছে না। স্থানীয়ভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের দিকেই বেশি নজর দেওয়া হচ্ছে। এ সংগ্রহ অভিযান শেষ হলে মজুদ গড়ে তুলতে সরকার চাল আমদানি শুরু করবে বলে উপদেষ্টা জানান।
দেশের বৃহত্তম পাইকারি বাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও চাল আমদানিকারক হাজী মোহাম্মদ গোলাম মওলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত সরকার চাল রপ্তানি বন্ধ রাখায় এখন থাইল্যান্ড ও বার্মা থেকে চাল আসছে।
কিছু চাল পাকিস্তান থেকেও আসছে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, বিদায়ী অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ১৮ দশমিক ২৩ বিলিয়ন ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। অন্যদিকে এ সময়ে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করে দেশে মোট রপ্তানি আয় এসেছে ১২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। আলোচ্য সময়ে সব মিলিয়ে বাণিজ্য ঘাটতি হয়েছে ৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৫০০ কোটি টাকা।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ-এপ্রিল মেয়াদের প্রায় ৭৫ কোটি ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৬ দশমিক ২১ বিলিয়ন ডলার থেকে ৫ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, "প্রবাসী বাংলাদেশীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠানোর পরও আমদানি ব্যয় বেশি হওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর চাপ পড়ছে। তবে রেমিটেন্স বৃদ্ধির কারণে বাণিজ্য ঘাটতি বাড়লেও চলতি হিসাব ইতিবাচক রয়েছে।"
তিনি আরও বলেন, উৎপাদন মারাত্মক ব্যাহত হওয়ায় গত কয়েক মাসে খাদ্য আমদানি রেকর্ড পরিমাণ বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ঘটলেও প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের দাম কমে গেছে।
এ সব কারণে এবার বাণিজ্য ঘাটতি বেশি হবে বলে মোস্তাফিজুর রহমান জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে, ২০০৬-০৭ অর্থবছরে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার (প্রায় ২৩ হাজার ৪৭৪ কোটি টাকা)। ২০০৫-০৬ অর্থবছরে এর পরিমাণ ছিল ২ দশমিক ৮৯ বিলিয়ন ডলার বা ১৯ হাজার ৯৪১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২০৫ঘ.
bdnews24