ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক আইন লংঘনের দায়ে সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করায় এবি ব্যাংকের শেয়ারের দাম পড়ে গেছে।
বাংলাদেশ ব্যাংক গত রোববার এবি-র সহযোগী প্রতিষ্ঠান 'এবি ব্যাংক ফাউন্ডেশনের' কার্যক্রম অবৈধ ঘোষণা করে তাদের হাতে থাকা আইএফআইসি ব্যাংকের ছয় দশমিক ১২ শতাংশ শেয়ার বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়।
কেন্দ্রীয় ব্যাংকের এ ঘোষণার পরই দুদিন আগের ১৩৪১ টাকা থেকে এক টানা কমে মঙ্গলবার এবি ব্যাংকের শেয়ারের দাম দাঁড়িয়েছে এক হাজার ১৩৫ টাকা ৫০ পয়সায়। সোমবার তা ছিল ১২১৫ টাকা।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) গত রোববার পৃথকভাবে আইএফআইসি ও এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দিয়ে এসব নির্দেশ দেয়।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ২৬ ধারা অনুসারে এবি ব্যাংক ফাউন্ডেশন নামে ট্রাস্টটি গঠনের পর শেয়ারবাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ ও কেনাবেচার অভিযোগে এ নির্দেশ দেওয়া হয়।
রোববার পুঁজিবাজারে প্রতি শেয়ারের দাম এক হাজার ৩৪১ টাকা হারে আইএফআইসির ৬ দশমিক ১ শতাংশ শেয়ারের বাজার দর ছিল ১১০ কোটি টাকা।
এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, "ব্যাংক কোম্পানি আইনের ২৬ ধারা লংঘন করে এবি ব্যাংক ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এবি ব্যাংক ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন দেখা দিলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তদন্ত করে ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যাংক কোম্পানি আইনের ২৬ ধারা লংঘন করে কার্যক্রম পরিচালনা করার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এবি ব্যাংক ফাউন্ডেশনের কার্যক্রম ৩ মাসের মধ্যে গুটিয়ে ফেলতে নির্দেশ দেওয়া যাচ্ছে।"
আইএফআইসি ব্যাংকের এমডির কাছে পাঠানো চিঠিতে বলা হয়, "কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এবি ব্যাংক ফাউন্ডেশনের নামে আইএফআইসি ব্যাংকের কাছ থেকে ৮ লাখ ২০ হাজার (৬ দশমিক ১ শতাংশ) শেয়ার কেনার বিষয়টিতে অনিয়মের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।"
এর আগে ২০০৭ সালের ৬ আগস্ট এ অনিয়মের ব্যাপারে এবি ব্যাংককে চিঠি দেওয়া হয়েছিল। একই বছরের ১২ ডিসেম্বর এবি ব্যাংক থেকে ওই চিঠির জবাবও দেওয়া হয়। কিন্তু ওই জবাব কেন্দ্রীয় ব্যাংকের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় শেয়ার বাজেয়াপ্ত করার এ নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরইচ/এএল/এসকে/১৮৪৮ঘ.
bdnews24