২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেএমসির পাটকলগুলো ৩৭ বছরে কোনো লাভ করতে পারেনি: আনোয়ারুল ইকবাল

সরকার পরিচালিত কোনো প্রতিষ্ঠান ভাল করেনি বলেই বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

খুলনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পরিচালিত কোনো প্রতিষ্ঠান ভাল করেনি বলেই বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পাট উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, "বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো ৩৭ বছরে কোনো লাভ করতে পারেনি। সরকারি পরিচালনায় এদেশে কোনো প্রতিষ্ঠান ভাল করেনি। যে কারণে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছে সরকার।" মঙ্গলবার খুলনায় বেসরকারি মালিকানায় পিপলস জুট মিলের কার্যক্রম উদ্বোধনের পর এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাট উপদেষ্টা এ কথা বলেন। বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পিপলস জুট মিল বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা দিয়ে আবার চালু করা হয়েছে। কাজী ফার্মস লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গত ৭ জুলাই সরকারের কাজ থেকে পিপলস জুট মিলটি ইজারা নেয়। গত বছর ১ আগস্ট মিলটি বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর মিলটি আবার উৎপাদনে গেল। উপদেষ্টা বলেন, "রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা ১৭৩ কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। যারা এখনও পাননি তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করা হবে।" তিনি বলেন, "খুলনার ক্রিসেন্ট জুট মিলে ৪০১ জন বদলি শ্রমিককে জালিয়াতির মাধ্যমে স্থানীয় বিজেএমসির কর্মকর্তারা নিয়োগ দিয়েছেন। জালিয়াতির ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" জালিয়াতির শিকার এসব শ্রমিক যদি তাদের দক্ষতা প্রমাণ করতে পারেন তাহলে পিপলস জুট মিলে তারা কাজ পেতে পারেন বলেও আশ্বাস দেন উপদেষ্ট। ক্রিসেন্ট জুট মিল থেকে চাকরি হারানো এসব শ্রমিক পিপলস জুট মিলে নিয়োগ চেয়ে পাট উপদেষ্টা বরাবর লিখিত আবেদন জানানোর পরিপ্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিজেএমসির চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক এসএম ফিরোজ আলম, পুলিশ কমিশনার হেলাল উদ্দিন বদরী, মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজি জাহিদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.