ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বাংলাদেশকে ৩৪ কোটি ডলার (৩৪০ মিলিয়ন) সহায়তা দেবে দাতা সংস্থাগুলো। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকই (এডিবি) দেবে ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ডলার। চলতি বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ব্যয় করার জন্যই এ সহায়তা দেওয়া হচ্ছে। এডিবির বিদায়ী আবাসিক প্রতিনিধি হুয়া দু সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশে ছয় বছর দায়িত্ব পালন শেষে হুয়া দু সোমবার রাতেই ঢাকা ছাড়ছেন। এর পর তিনি ম্যানিলায় এডিবির সদর দপ্তরে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ ছাড়ার আগে সোমবার সকালে হুয়া দু অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর হুয়া দু সাংবাদিকদের বলেন, "খাদ্য নিরাপত্তায় চলতি অর্থবছরে এডিবি, বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থাগুলো বাংলাদেশকে ৩৪০ মিলিয়ন (৩৪ কোটি) ডলার সহায়তা দেবে। এর মধ্যে এডিবি একাই দেবে ১৭০ মিলিয়ন (১৭ কোটি) ডলার।"
খাদ্য সঙ্কট মোকাবেলায় বাংলাদেশকে দাতা সংস্থাগুলোর সহায়তা দেওয়ার ক্ষেত্রে এডিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে বলে হুয়া দু জানান।
তিনি বলেন, "এডিবি, বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর একটি যৌথ পর্যবেক্ষক দল সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের কী পরিমাণ খাদ্য সহায়তা প্রয়োজন তা নির্ণয় করেছে। এর পরপরই এডিবি ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশকে ১৭০ মিলিয়ন ডলার সহায়তার একটি প্রস্তাব অনুমোদনের জন্য সংস্থার বোর্ড সভায় পাঠিয়েছে।"
চলতি মাসের মধ্যে প্রস্তাবটি বোর্ড সভায় উঠবে জানিয়ে হুয়া দু আশা প্রকাশ করেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ ওই সহায়তা পাাবে।
তিনি জানান, বিশ্বব্যাংক, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থাসহ অন্য উন্নয়ন সংস্থাগুলো মিলে বাংলাদেশকে ১৭ কোটি (১৭০ মিলিয়ন) ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
হুয়া দু বলেন, "বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যে সব কর্মসূচি নেওয়া হয়েছে, এ সহায়তা তা বাস্তবায়নে ব্যয় হবে।"
বাংলাদেশের ২০০৭-০৮ অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ৬৯ কোটি ডলার বরাদ্দ ছিল। চলতি বাজেটে বরাদ্দের পরিমাণ বেড়ে ১৩০ কোটিতে দাঁড়িয়েছে।
হুয়া দু বলেন, "বাড়তি ব্যয় মেটাতে উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশকে এই সহায়তা দিচ্ছে। উন্নয়ন সংস্থাগুলো চায়, সামজিক নিরাপত্তা খাতে গৃহীত কর্মসূচি যেন সফলভাবে বাস্তবায়িত হয়।"
এডিবির বিদায়ী আবাসিক প্রতিনিধি আশ্বাস দিয়েছেন, সামাজিক নিরাপত্তা ছাড়াও জ্বালানি, অবকাঠামো উন্নয়রসহ বিভিন্ন খাতে বাংলাদেশকে এডিবির সহায়তা অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/এমএ/১৩৪১ ঘ.
bdnews24