২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে বেশি অবদান রাখছে: গভর্নর

প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 02:06 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে এখন সবচেয়ে বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন উদ্দিন আহমেদ। তিনি বলেন, "রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক খাতের চেয়েও অর্থনীতিতে এই রেমিটেন্সের অবদান বেশি।" বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), বাংলাদেশ ব্যাংক ও ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর সহায়তায় 'রেমিটেন্স বৃদ্ধিতে গণসচেতনতা'-শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এ কথা বলেন। তিনি বলেন, "২০০৭-০৮ অর্থ বছরে প্রবাসীরা প্রায় আট বিলিয়ন (প্রায় ৫৫ হাজার কোটি টাকা) ডলারের মতো রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানি থেকে সব মিলিয়ে ১০ বিলিয়ন ডলারের (৬৮,৩৭৫ কোটি টাকা) মতো বৈদেশিক মুদ্রা দেশে আসলেও তার একটা বড় অংশ এ খাতের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে (ব্যাক-টু-ব্যাক এলসি) চলে যায়। আর রেমিটেন্স খাতে যে মুদ্রা দেশে আসে তার পুরোটাই বৈদেশিক মুদ্রা।" এ কারণে তৈরি পোশাকের চেয়েও রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখছে বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। গভর্নর আরও বলেন, "টাকার অংকে বিদায়ী অর্থ বছরে প্রায় ৫৫ হাজার কোটি টাকার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই রেমিটেন্স বিভিন্ন দাতাদেশ ও সংস্থার কাছ থেকে সরকার গত অর্থ বছরে যে ঋণ সহায়তা পেয়েছে এবং দেশে সরাসরি যে বিদেশী বিনিয়োগ (এফডিআিই) এসেছে তার থেকেও অনেক বেশি।" রেমিটেন্সের পরিমাণ আরও বাড়লে বিদেশী সাহায্য নির্ভরতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, "হুন্ডির বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণের ফলে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের পরিমাণ আগের চেয়ে অনেক বেড়েছে।" তবে এখনও বিপুল অংকের অর্থ বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে দেশে আসছে বলে জানান গভর্নর। এর প্রধান কারণ হিসেবে গভর্নর জানান, ব্যাংকিং চ্যানেলে টাকা আসতে সময় বেশি লাগে এবং খরচও বেশি হয়। এ কারণেই প্রবাসীরা ঝুঁকি থাকা সত্ত্বেও হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে উৎসাহিত হয়। এ বিষয়টি বিবেচনায় রেখে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ আরও বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেশ কিছু পদক্ষেপ নেয়া হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান সচিব আবদুল মতিন চৌধুরী ও আইওএম-এর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি রাবাব ফাতিমা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমএ/১৬২৬ ঘ.