২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক পরিচালকদের মেয়াদ বৃদ্ধির বিষয়ে হুট করে সিদ্ধান্ত নয়: গভর্নর

বেসরকারি ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ানোর ব্যাপারে 'হুট করে' কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বুধবার বেসকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর একটি প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 03:16 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি ব্যাংক পরিচালকদের মেয়াদ বাড়ানোর ব্যাপারে 'হুট করে' কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ। বুধবার বেসকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর একটি প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করেন। তারা ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে ব্যাংক পরিচালকদের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর দাবি জানান। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের বলেন, "বিএবি প্রতিনিধিরা পরিচালকদের মেয়াদ আরও তিন বছরের বাড়ানোর জন্য অনুরোধ করেছেন। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো আশ্বাস দেয়া হয়নি।" তিনি বলেন, "বিষয়টি যেহেতু আইনের ব্যাপার সে কারণে হুট করে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া যায় না।" এর আগে বিএবি প্রতিনিধিরা গত মাসে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে দেখা করে পরিচালকদের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সে সময় বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরই ধারাবাহিতায় বিএবি প্রতিনিধিরা বুধবার গভর্নরের সঙ্গে বৈঠক করেন। গত বছরের অক্টোবরে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয়। নতুন আইনে বলা হয়েছে, কোনো পরিচালক ব্যাংকে টানা দুই মেয়াদ অর্থাৎ ছয় বছরের বেশি পরিচালক থাকতে পারবেন না। ২০০৮ সালের অক্টোবর থেকে এ বিধান কার্যকর হওয়ার কথা। বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের বলেন, "সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বেসরকারি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে ১৩ জনের বেশি পরিচালক থাকতে পারবে না। পরিচালকদের মেয়াদ হবে তিন বছর। কেউ টানা দুই মেয়াদ বা ছয় বছরের বেশি সময় পরিচালক থাকতে পারবে না। তবে এক মেয়াদ বাদ দিয়ে তিনি আবার পরিচালক হতে পারবেন।" নজরুল ইসলাম বলেন, "এ আইনের কারণে আগামী অক্টোবরে বেসরকারি ব্যাংকগুলোর ১৬০ জন পরিচালককে পদ ছাড়তে হবে। এতে করে ব্যাংকগুলো দক্ষ পরিচালকশূন্য হয়ে পড়বে। এ কারণেই আমরা আইনটি সংশোধন করে পরিচালকদের আরো এক মেয়াদ থাকতে দেওয়ার অনুরোধ জানিয়েছি।" ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতা বলে সরকার ইচ্ছে করলে দেশ বা জাতীয় স্বার্থে সংশোধিত আইনটি আবার সংশোধন করতে পারে বলে জানান তিনি। বৈঠকে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতি, বেসরকারি ব্যাংকগুলোতে সরকারের আমানতের পরিমাণ বৃদ্ধি, ইউরোপের দেশগুলোতে বেসরকারি ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজ খোলা, ব্যাংকের করপোরেট ট্যাক্স কমানোর মতো বিষয়েও আলোচনা হয়। বিএবি নেতাদের এসব দাবির ব্যাপারেও কোনো আশ্বাস দেয়া হয়নি বলে সালেহউদ্দিন আহমেদ জানান। বেসরকারি ব্যাংকগুলোতে সরকারের আমানতের পরিমাণ বাড়ানোর অনুরোধ প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, "সরকারের আমানতের ৭৫ শতাংশই রাষ্ট্রায়ত্ত কয়েকটি ব্যাংকে জমা থাকে। বেসরকারি ব্যাংকগুলোতে জমা থাকে মাত্র ২০ শতাংশের মতো। অথচ দেশের ব্যাংকিং খাতের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ করে বেসরকারি ব্যাংকগুলো। বেসরকারি ব্যাংকগুলোতে সরকারের আমানতের ৫০ শতাংশ জমা থাকলে বর্তমানে ব্যাংকগুলোর তারল্য সংকট অনেকটা কেটে যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১০৩ ঘ.