ঢাকা, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান ও চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় পাবনার ১৮৮টি ও চাঁপাইনবাবগঞ্জের ৩১টি এবং সরবরাহের চুক্তি না করায় শেরপুরের ৬২টি চালকলের নিবন্ধন সনদ বাতিল করেছে সরকার।
সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে মঙ্গলবার ২৮১টি চালকল মালিকদের কাছে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
পাবনা: চুক্তি অনুযায়ী সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করায় পাবনার নয়টি উপজেলার ১৮৮টি চালকলের সনদ বাতিল করা হয়েছে। ওইসব চালকলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।
হঠাৎ করে চালকলগুলো বন্ধের ফলে প্রায় পাঁচ হাজার চাতাল শ্রমিক বেকার হয়ে পড়েছে বলে জানান চালকল মালিকরা।
পাবনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর পাবনার নয়টি উপজেলায় ৫৩ হাজার ৭০৫ টন চাল সংগ্রহের লক্ষ্যে জেলার ৩৫১জন চালকল মালিকের সঙ্গে সরকার চুক্তি করে। সে অনুযায়ী প্রতি কেজি চাল ২৮ টাকা এবং ধান ১৮ টাকা দরে কল মালিকরা দেওয়ার কথা। কিন্তু ৭ মে থেকে ৩০ জুন পর্যন্ত কল মালিকরা মাত্র ২০ হাজার টন চাল সরবরাহ করেছে। বাকি ৩৩ হাজার ৭০৫ টন সরবরাহ করা হয়নি। এ কারণে মঙ্গলবার ১৮৮টি চালকলের নিবন্ধন (লাইসেন্স) বাতিল এবং ওই কলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঈশ্বরদীর ১৬১টি, পাবনা সদরের ১৫টি, আটঘরিয়ার পাঁচটি, চাটমোহরের তিনটি, বেড়ার দু'টি, ভাঙ্গুড়া ও সুজানগরের একটি করে চালকলের নিবন্ধন বাতিল হয়েছে বলে জানান তিনি।
পাবনা জেলা চালকল মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার প্রতি কেজি চাল ২৮ টাকা এবং প্রতি কেজি ধান ১৮ টাকা দাম নির্ধারণ করে। কিন্তু বাজার দর এর চেয়ে বেশি হওয়ায় কল মালিকরা ধান ও চাল সংগ্রহে ব্যর্থ হয়।
তিনি বলেন, "একযোগে ১৮৮টি চালকল বন্ধ হয়ে যাওয়ায় এতে কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছে।"
চাঁপাইনবাবগঞ্জ: চুক্তি অনুযায়ী ধান ও চাল সরবরাহ না করায় চার উপজেলার ৩১টি মিলের নিবন্ধন বাতিল করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিছুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ধান ও চাল সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় ৩১টি চালকলের সনদ বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৫টি, নাচোলের আটটি, গোমস্তাপুরের সাতটি ও ভোলাহাটের একটি চালকল।
তিনি জানান, এবার জেলার সরকারি গুদামের জন্য খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় ১১ হাজার ৬০৬ টন চাল ও ৩ হাজার ৩০৩ টন ইরি-বোরো ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছিল।
জেলা চাতাল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেসব মিল মালিক চুক্তি অনুযায়ী সরকারি গুদামে ধান-চাল সরবরাহ করেনি শুধু তাদেরই নিবন্ধন বাতিল করা হয়েছে।"
শেরপুর: বোরো সংগ্রহ অভিযানে চাল সরবরাহে চুক্তিবদ্ধ না হওয়ায় শেরপুর জেলায় ৬২টি চালকলের নিবন্ধন বাতিল করা হয়েছে। জেলা খদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে সংশ্লিষ্ট চালকল মালিকদের কাছে নিবন্ধন বাতিলের নোটিশ পাঠানো হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলায় ৫৩৪টি চালকল রয়েছে। এর মধ্যে ৬২টি চালকল মালিক নির্ধারিত ৩০ জুনের মধ্যে খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহের চুক্তি না করায় তাদের নিবন্ধন বাতিল করা হয়।"
তিনি জানান, এবার জেলায় বোরো সংগ্রহ অভিযানে ৫১ হাজার ৮১ টন চাল এবং ৫ হাজার ১৬৯ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ জুলাই পর্যন্ত ২৩ হাজার ৩৮০ টন চাল এবং ৩৭ টন ধান সংগৃহীত হয়েছে।
চাল ও ধান সংগ্রহ লক্ষ্যমাত্রার শতকরা ৮০ ভাগ সফল হওয়ার আশা ব্যক্ত করে আব্দুল কাদির বলেন, "চুক্তিবদ্ধ চালকল মালিকরা আগামী ৩১ আগস্টের মধ্যে এ লক্ষ্য পূরণ করবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
জেলা চালকল মালিক সমিতির সম্পাদক মো. শহীদুল্লাহ বলেন, "ধানের দাম বেড়ে যাওয়ায় চুক্তিবদ্ধ স্বল্প পুঁজির চালকল মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।"
শেরপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও হাজি কলিম উদ্দিন রাইসমিলের মালিক আমজাদ হোসেন জানান, জেলার বড় জোতদার ও কৃষকদের কাছে এখনো বিপুল পরিমাণ ধান মজুত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/১৭১৪ ঘ.
bdnews24