২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর ওয়াইম্যাক্স লাইসেন্স পাওয়ার পথ প্রশস্ত করা আহ্বান

বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতার ভিত্তিতে ওয়াইম্যাক্স লাইসেন্স দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2008, 04:30 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতার ভিত্তিতে ওয়াইম্যাক্স লাইসেন্স দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন- আইএসপিএবি। ওয়াইম্যাক্স এর জন্য তিনটি লাইসেন্স দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ লাইসেন্স দেওয়া হবে এবং এ জন্য নিলামের আয়োজন করা হবে। দরপত্রে অংশগ্রহণের প্রাথমিক ফি নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা। আইএসপি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এক বিবৃতিতে জানায়, 'এ ধরনের ব্যবস্থার কারণে স্থানীয় আইএসপিগুলো (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) নিলামে পিছিয়ে পড়তে পারে। তাই স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোকে যোগ্যতার ভিত্তিতে লাইসেন্স দেওয়ার জন্য বিটিআরসিকে অনুরোধ জানিয়েছি আমরা।' মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনের কর্মকর্তারা। 'ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস' বা 'ওয়াইম্যাক্স' একটি টেলিযোগাযোগ প্রযুক্তি যার মাধ্যমে তারবিহীন পয়েন্ট-টু-পয়েন্ট পদ্ধতির যোগাযোগ থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল সেলুলার পদ্ধতির যোগাযোগের মাধ্যমে তথ্য স্থানান্তর সম্ভব। সংবাদ সম্মেলনে আইএসপিএবি'র সাধারণ সম্পাদক রাসেল টি আহমদ সরকারের 'টেলিযোগাযোগ নীতিমালার ব্যবস্থাপনা' বিষয়ে কথা বলেন। তিনি জানান, সরকারের আইএলডিটিএস (ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন সার্ভিসেস) নীতি বিদেশী বিনিয়োগের জন্য বাধা হিসেবে কাজ করছে। কিন্তু ওয়াইম্যাক্স নীতিতে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৬০ ভাগ মালিকানা নিয়ে ওয়াইম্যাক্স লাইসেন্সের আবেদন করতে পারবেন। "এটা একটা স্ববিরোধী নীতি।" ওয়াইম্যাক্স প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দেশি আইএসপিগুলোর ব্যবসা নীতিমালা পর্যালোচনার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে এই লাইসেন্স দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব করেন রাসেল টি আহমেদ। লাইসেন্সের এত বেশি ফি ভোক্তাদের ওপর চাপ তৈরি করবে মন্তব্য করে তিনি বলেন, "এর মানে, ছোট মাপের ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট সেবার দাম কমানো সম্ভব হবে না।" বর্তমানে সারাদেশে পাঁচশ'র বেশি লাইসেন্সবিহীন বা অবৈধ আইএসপি কার্যক্রম চলছে উল্লেখ করে রাসেল টি আহমদ বলেন, "আমরা তাদের বিরুদ্ধে নই। তবে যেহেতু তারা (লাইসেন্সবিহীন বা অবৈধ আইএসপি) কারো কাছে দায়বদ্ধ নন, তাই তারা মানসম্মত সেবার বিষয়টিও মেনে চলেন না। সরকারও তাদের কাছ থেকে কোনো ধরনের রাজস্ব পায় না।" তথ্যপ্রযুক্তি খাতে এসব প্রতিষ্ঠানের অবদানকে স্বীকার করে আহমেদ জানান, লাইসেন্সবিহীন এসব আইএসপিদের একটি নিয়ন্ত্রণ কাঠামোর আওতায় আনা উচিত। কলসেন্টার প্রসঙ্গে আইএসপিএবি নেতা বলেন, কলসেন্টারগুলোর জন্য সাধারণ ইন্টারনেট সংযোগ ব্যবহার না করার নিয়ম করেছে সরকার এবং তাদের জন্য আইপিএলসি (ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট) সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, "আইপিএলসি সংযোগ খুবই ব্যয়বহুল এবং এ সংযোগ পেতে বিদেশি গেটওয়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহক হতে হয়। এরমানে কেউ যদি কোনো ব্রিটিশ কোম্পানির হয়ে কলসেন্টার পরিচালনা করেন, তাহলে তাকে টেলস্ট্রার মতো প্রতিষ্ঠানের গ্রাহক হতে হবে।" সংগঠনের সভাপতি এম এ সালাম জানান, সরকার নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ভিওআইপি (ভয়েস ওভার প্রটোকল) ব্যবসার বৈধতা দিলেও, আই পি টেলিফোনি লাইসেন্স দেওয়ার বিষয়টি কোনো অজানা কারণে পিছিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এমএইচবি/২২২০ ঘ.