ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সরকারের সময় ব্যাংকিং খাত বিভিন্ন সমস্যার মুখে পড়ে মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ বর্তমান সময়কে কাজে লাগিয়ে দক্ষ জনবল তৈরির জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দিয়েছেন।
বেসরকারি ব্যাংক উদ্যোক্তা পরিচালকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) আয়োজিত 'করপোরেট গভার্নেন্স' শীর্ষক কর্মশালার উদ্বোধনের সময় সোমবার তিনি এ তাগিদ দেন।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএবি'র রিসার্চ ও ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেন গভর্নর।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "রাজনৈতিক সরকারগুলোর সময় ব্যাংকিং খাতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এখন রাজনৈতিক সরকার নেই। ব্যাংকগুলোর জন্য খুব ভালো সময়। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দক্ষ জনবল গড়ে তুলতে হবে। এর ফলে ব্যাংকগুলো যেমন লাভবান হবে, তেমনি দক্ষ জনবল বিদেশে পাঠানো গেলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে।"
ব্যাংক ও আর্থিক খাতগুলো পাঁচটি চ্যালেঞ্জ মোকাবিলা করছে উল্লেখ করে গর্ভনর বলেন, "বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ব্যাংগুলোর জন্য প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাংকের আমানত কমে যাবে। অন্য চারটি চ্যালেঞ্জ হচ্ছে- ঝুঁকি ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সুশাসন (করপোরেট গভার্নেন্স), স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থা জোরদার করা।"
ব্যাংকিং খাত; এমনকি কেন্দ্রীয় ব্যাংকেও দক্ষ জনবলের যথেষ্ট অভাব আছে- মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিএবি'র চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, "যথাযথ প্রশিক্ষণের অভাবে ব্যাংকগুলোতে ৬০ শতাংশ কর্মী ঠিকমতো দায়িত্ব পালন করে না। সবাই ঠিকমতো দায়িত্বপালন করলে ব্যাংকগুলো আরও ভালো করত।"
এ বিষয়টি বিবেচনায় রেখেই বিএবি'র রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
নজরুল ইসলাম বলেন, "বেসরকারি ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল ২০০৯ সালের জুনের মধ্যে দুশ কোটি টাকা করার সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এ নির্দেশনা অনুযায়ী কাজ করছে। কিন্তু এখন কেন্দ্রীয় ব্যাংক পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল দুশ কোটি টাকা থেকে বাড়িয়ে চারশ কোটি টাকা করার উদ্যোগ নিয়েছে।"
বর্তমান বাস্তবতায় চারশ কোটি টাকার পরিশোধিত মূলধন করা কোনো ব্যাংকের পক্ষেই সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, "এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ব্যাংকগুলো হোঁচট খাবে। কেন্দ্রীয় ব্যাংকের তাই বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।"
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ বিষয়ে গভর্নরের মন্তব্য চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমরা বিএবি'র অনুরোধ পর্যালোচনা করে দেখব।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ (রুমী) আলী, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই পরিচালক নূরুল ফজল বুলবুল, বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২০৫৮ ঘ.
bdnews24