ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভালো মানের শেয়ারের দাম পড়ে যাওয়ায় সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে। শেয়ার কেনার চেয়ে বিক্রির দিকে বিনিয়োগকারীদের ঝোঁক বেশি থাকায় এদিন লেনদেন কমে যায়।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার যেসব শেয়ারের দাম বেড়েছিল, লাভ তুলে নিতে আজ সেসব শেয়ার ছেড়ে দিয়েছেন খুচরো বিনিয়োগকারীরা।"
স্টকস অ্যান্ড বন্ডস এর বিনিয়োগ পরামর্শক বশির আহমেদ বলেন, "আগের দিন বিভিন্ন শেয়ারের দাম বাড়ার পর খুচরো বিনিয়োগকারীরা তা বিক্রি করে দেবে এটাই স্বাভাবিক। তবে কেনার প্রবণতা কমে যাওয়ার বিষয়টি ছিল অপ্রত্যাশিত।
তিনি আরো বলেন, "মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ব্যবস্থা নিতে পারে এই আতঙ্ক বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলেছে।"
তবে বশির আহমেদের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে ডিএসই'র প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেয়ারের দাম বাড়ার পরদিন এমন হতেই পারে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৯ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৯৮ শতাংশ কমে ২৯৯০ দশমিক ৫৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২১ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৮৩ শতাংশ কমে হয়েছে ২৫৬৪ দশমিক ১০ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪১ দশমিক ৮০ পয়েন্ট বা এক দশমিক ৬০ শতাংশ কমে ২৫৫৬ দশমিক ৩৯ পয়েন্ট হয়।
এদিন বাজারে ২৫৫ কোটি টাকার ১ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়। রোববার লেনদেন হয়েছিল ৩১২ কোটি টাকার এক কোটি ৯২ লাখ ৩২ হাজার ৫২১টি শেয়ার।
ডিএসইতে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এসিআই এর শেয়ারের দাম দশমিক ২৩ শতাংশ কমে হয়েছে ৩৮২ টাকা ৭০ পয়সা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের দাম ১ দশমিক ৩৩ শতাংশ কমে ৫২৩১ টাকা ৭৫ পয়সা হয়।
লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম ১ দশমিক ০১ শতাংশ কমে ২২৪ টাকা ৫০ পয়সায় পৌঁছায়।
বেক্সিমকো'র শেয়ারের দাম ২ দশমিক ৩৭ শতাংশ কমে ৯৪ টাকা ৪০ পয়সা হয়।
এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারও ১৫ দশমিক ২৪ শতাংশ কমেছে, হয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা।
অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো ফার্মা ও কেয়া কসমেটিস এর শেয়ারের দাম কমেছে; বেড়েছে অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম।
মিউচুয়াল ফান্ড, আইসিটি ও জ্বালানি খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও এদিন (সিএসই) সূচক পড়েছে।
সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৬ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমে হয়েছে ৫৮৪০ দশমিক ৯৭ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৬২ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে হয়েছে ৯০৪৪ দশমিক ৯৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১১৪ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৯ শতাংশ কমে ৮০৮৭ দশমিক ১৮ পয়েন্ট হয়েছে।
এ বাজারে ২৫ কোটি ২ লাখ ১০ হাজার টাকার ৩০ লাখ ১০ হাজার ৮৫২টি শেয়ার লেনদেন হয়। রোববার মোট লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার ৪৬ লাখ ১৮ হাজার ৯২১টি শেয়ার।
এ বাজারে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩৯টির এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/জেকে/২০৩২ ঘ.
bdnews24