ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনের মাঝামাঝি পর্যন্ত বিনিয়োগকারীদের শেয়ার কেনার আগ্রহ এবং শেষভাগে বিক্রির হিড়িকে রোববার পুঁজিবাজারে মূল্য সূচকের হিসাবটি ছিল সাদামাটা। তবে দিনভর বিনিয়োগকারীদের সরগরম অংশগ্রহণে লেনদেনের অঙ্ক ছাড়ায় তিনশ কোটি টাকার ঘর।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকদিনের ধীরগতি কাটিয়ে রোববার পুঁজিবাজার বেশ চাঙা ছিল। দিনের প্রথমার্ধে বিনিয়োকারীরা অনেক বেশি শেয়ার কিনেছেন। আবার শেষভাগে শেয়ার বিক্রির প্রবণতাও ছিল বেশি।"
বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "শেয়ারের সাধারণ ও সার্বিক মূল্য সূচকে তেমন ওঠানামা না হলেও, ব্লু-চিপ শেয়ার সূচক বেড়েছে। এ থেকে বোঝা যায় বিনিয়োগকারীরা শেয়ার কেনার ব্যাপারে বাছবিচার করছেন।"
বাজারের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের প্রতি লেনদেনকারীদের আগ্রহ থাকায় দিনের অধিকাংশ সময় বাজার যৌক্তিক আচরণ করেছে, তবে শেষভাগে কিছুটা পরিস্থিতি অস্থির হয়ে ওঠে বলে জানান তিনি।
ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, "বিনিয়োগকারীরা পরিণত হয়ে উঠছেন। ব্লু-চিপ সূচকের ওঠানামাই এর প্রমাণ।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক এক দশমিক ১৫ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে ৩০২০ দশমিক ৩০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২ দশমিক ৩৮ পয়েন্ট বা দশমিক ০৯ শতাংশ কমে হয়েছে ২৫৮৫ দশমিক ৬১ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৩ দশমিক ৭৯ পয়েন্ট বা এক দশমিক ৩১ শতাংশ বেড়ে ২৫৯৮ দশমিক ২০ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১২ কোটি টাকার এক কোটি ৯২ লাখ ৩২ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা এসিআই এর শেয়ারের দাম ১১ দশমিক ৭০ শতাংশ বেড়ে হয়েছে ৩৮৩ টাকা ৬০ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের দাম ২ দশমিক ০১ শতাংশ কমে ৫৩০২ টাকা ৫০ পয়সা হয়। লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম ৪ দশমিক ১৮ শতাংশ বেড়ে ২২৬ টাকা ৮০ পয়সায় পৌঁছায়। বেক্সিমকো'র শেয়ারের দাম ১৭ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৯৬ টাকা ৪০ পয়সা হয়। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারও ৩ দশমিক ২২ শতাংশ বেড়ে ১৬ টাকা ০১ পয়সা হয়েছে।
এছাড়া বেক্সমকো ফার্মা, ফার ইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স, কেয়া কসমেটিস, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ও ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকার ৪৬ লাখ ১৮ হাজার ৯২১টি শেয়ার লেনদেন হয়।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ০৫ শতাংশ কমে ৯১০৭ দশমিক ৪৬ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬ দশমিক ৩৭ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে হয়েছে ৫৮৯৭ দশমিক ৭৪ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৭ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ বেড়ে ৮২০১ দশমিক ৩৪ পয়েন্ট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২০৫১ ঘ.
bdnews24