ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ৩০ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে শনিবার নগরীর ব্র্যাক সেন্টারে এক সংবাদ সম্মেলনে আড়ংয়ের নতুন লোগো উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেস এর ব্যবস্থাপনা পরিচালক এম এ (রুমী) আলী।
৩০ বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে আড়ংয়ের পরিচালক তামারা আবেদ বলেন, "দেশের ইতিহাসে এই প্রথম কোনো ফ্যাশন রিটেইল আউটলেট সফলতার সঙ্গে ৩০ বছল পূর্ণ করতে পারল।"
আড়ংয়ের মার্কেটিং ও স্পেশাল প্রোজেক্ট সিনিয়র ম্যানেজার ফারহিন খুররম জানান, বছরব্যাপী তাদের অনুষ্ঠানমালায় রয়েছে, ৯ জুলাই গুলশান ক্লাবে ঢাকার চারশ বছর শিরোনামে ফ্যাশন শো, ১৫ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত শিল্পকলা একাডেমিতে 'দি স্টোরি অফ স্টিচেস' শিরোনামে নকশী কাঁথা প্রদর্শনী, ২৭ আগস্ট ঢাকার রেডিসন ওয়াটার গার্ডেনে 'ঈদ প্রিভিউ ফ্যাশন শো', চলতি মাসে চট্টগ্রামের হালিশহরে আড়ং আউটলেট উদ্বোধন এবং ডিসেম্বরে ইন স্টোর ক্যাম্পেইন কর্মসূচি।
১৯৭৮ সালে ঢাকার শুক্রবাদে ছোট্ট একটি শো রুম থেকে যাত্রা শুরু করে আড়ং।
আড়ংয়ের ডিজিএম (একাউন্টস) মাসুদ এ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে আড়ংয়ের আটটি আউটলেট রয়েছে। এরমধ্যে ঢাকায় পাঁচটি। চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আছে বাকি তিনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এসএনডি/এমএ/১৭৫০ ঘ.
bdnews24