২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে সেজন্য নতুন বাজেটে নানামুখি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভয় দিয়েছেন তিনি। শনিবার দুপুরে 'দ্রব্যমূল্য বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন: বাজেট ২০০৮-০৯' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2008, 11:54 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে দ্রব্যমূল্য যাতে আর না বাড়ে সেজন্য নতুন বাজেটে নানামুখি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভয় দিয়েছেন তিনি। শনিবার দুপুরে 'দ্রব্যমূল্য বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন: বাজেট ২০০৮-০৯' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) ও বাংলাদেশ অর্থনীতি সমিতি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। অর্থ উপদেষ্টা বলেন, "বর্তমান পরিস্থিতিতে সরকারের একার পক্ষে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সম্ভব নয়। এ পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা সরকারের প্রয়োজন। শুধু মুনাফার কথা বিবেচনা না করে ব্যবসায়ীদের সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকেও সক্রিয় বিবেচনায় রাখতে হবে।" গত রোববার দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, দ্রব্যমূল্য ক্রমান্বয়ে কমে আসবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বরাত দিয়ে তিনি বলেছিলেন, "আন্তর্জাতিক বাজারে গমসহ সব ধরনের পণ্যের দাম কমতে শুরু করেছে। স্থানীয় বাজারেও পণ্যের দাম ক্রমান্বয়ে কমে আসবে।" অন্যদিকে অর্থ উপদেষ্টা শনিবার সেমিনারে বলেন, "বিশ্ববাজারে খাদ্যপণ্য, সার, জ্বালানি তেলসহ সব ধরনের পণ্যের দাম যেভাবে বাড়ছে তাতে দেশের বাজারে দ্রব্যমূল্য কমার আশা করা মোটেই উচিৎ হবে না। দ্রব্যমূল্য যাতে আরও না বাড়ে সেদিকেই আমাদের বেশি নজর দিতে হবে। এ বিষয়টি বিবেচনায় রেখেই নতুন বাজেট প্রণয়ন করা হয়েছে।" মির্জ্জা আজিজুল বলেন, "২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে প্রায় সব ধরনের খাদ্যপণ্যের আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে। বিডিআর ও ওএমএস-এর মাধ্যমে খাদ্যপণ্য বিক্রির জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে। গরিব মানুষের জন্য ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।" জ্বালানি তেল ও সারের দাম বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য কিছুটা বাড়বে স্বীকার করে তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে যেভাবে জ্বালানি তেল ও সারের দাম বাড়ছে, তাতে এ দুটি পণ্যের দাম বাড়ানোর বিকল্প ছিল না।" অর্থ উপদেষ্টা জানান, দাম বাড়ানোর পরও প্রতি লিটার ডিজেলে সরকারকে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে। আর ইউরিয়া সারে ভর্তুকি দিতে হবে কেজিতে ৫০ টাকা। এর বাইরেও কৃষকদের জন্য ডিজেল খাতে ৫৪০ কোটি টাকার ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে। উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম না বাড়ালে ২০০৮-০৯ অর্থ বছরে এ খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হতো। দাম বাড়ানোর পরও ভর্তুকি দিতে হবে ১০ হাজার কোটি টাকা। বোরোর 'বাম্পার' ফলনের পরও চালের দাম না কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপদেষ্টা বলেন, "অন্যবার বোরো ধান ওঠার পর কৃষকরা উৎপাদিত ধানের ৪০ শতাংশ বাজারে বিক্রি করত। কিন্তু এবার তারা ২০ শতাংশ ধানও বিক্রি করছে না।" বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় চালের দাম কমছে না বলে আজিজুল ইসলাম জানান। গত বোরো মওসুমে পর্যাপ্ত কৃষি ঋণ বিতরণের কারণে কৃষকদের মজুদ করার ক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, "এতে উৎপাদকরা লাভবান হলেও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।" তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন শিগগিরই চূড়ান্ত করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব বিকাশ চন্দ্র সাহা বলেন, কিছু এনজিও ও আর্থিক প্রতিষ্ঠান কৃষকদের টাকা ধার দেওয়ায় তারা ধান বিক্রি না করে মজুদ করছে বলে বাজার পর্যবেক্ষণে তথ্য পেয়েছেন তারা। তাছাড়া বর্ষা ও বিদ্যুৎ সঙ্কটের কারণে ব্যবসায়ীরা ধান শুকাতে পারছে না। উপ সচিব বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতি কেজিতে চালের দাম ৫০ পয়সা বেড়েছে। তবে ভোজ্য তেলের দাম বাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ আমরা (বাণিজ্য মন্ত্রণালয়) খুঁজে পাচ্ছি না।" দ্রব্যমূল্যের কারণে অসহনীয় পরিস্থিতির বিবরণ দিতে গিয়ে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, "আগে কোনো অনুষ্ঠানে পরিচিতজনের সঙ্গে দেখা হলে আমরা বিনয়ের সঙ্গে বলতাম- ভাই বাসায় আসবেন; দুটো ডাল-ভাত খেয়ে যাবেন। কিন্তু এখন আমাদের বলতে হবে- ভাই আপনার বাসায় যাবো দুটো ডাল-ভাত খেতে।" ঢাকা চেম্বারের পরিচালক শেকিল আহমদ বলেন, "এখনই জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে রোজার মাসে তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। সরকারকে মনিটরিং ব্যবস্থা জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে।" তিনি আরও বলেন, "সরকার কেন জানি বাজার পরিস্থিতিকে পাশ কাটিয়ে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। বাণিজ্য উপদেষ্টাও এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেয়ে রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত।" খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি আবু আলম চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ, সাবেক সভাপতি এম এইচ রহমান, বেনজির আহমদ, অর্থনীতি সমিতির সহ-সভাপতি আশরাফ চৌধুরী, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক উত্তম কুমার দেব, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের গবেষণা পরিচালক এমদাদ হোসেন মালেক, ঢাকা চেম্বারের সহ-সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এসকে/১৭৪৬ঘ.