২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে বলল আইএমএফ

মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারকে আবারো সঙ্কোচনমূলক মুদ্রনীতি অনুসরণের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আইএমএফ প্রতিনিধিদের বলেছেন, মূল্যস্ফীতির বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় এখন অভ্যন্তরীণ কোনো ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারকে আবারো সঙ্কোচনমূলক মুদ্রনীতি অনুসরণের পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আইএমএফ প্রতিনিধিদের বলেছেন, মূল্যস্ফীতির বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল হয়ে পড়ায় এখন অভ্যন্তরীণ কোনো ব্যবস্থার মাধ্যমে তা নিয়ন্ত্রণ সম্ভব নয়। অর্থ মন্ত্রণালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা। গত বছরের শেষের দিকে আইএমএফ এর পরামর্শে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এফবিসিসিআইসহ দেশের সব ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদরা ওই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। শেষ পর্যন্ত ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি থেকে সরে আসে। ভারত সরকার গত কয়েক মাসে তিন দফা ব্যাংক ঋণের সুদের হার বাড়িয়েছে, কিন্তু এরপরও তারা মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে রাখতে পারছে না। বৃহস্পতিবার আইএমএফ এর সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, "আইএমএফ প্রতিনিধিরা কেবল মূল্যস্ফীতি ছাড়া আমাদের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে তারা সঙ্কোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করতে বলেছেন। আমি দ্বিমত পোষণ করে বলেছি, অভ্যন্তরীণভাবে কোনো ব্যবস্থা বা পদক্ষেপ নিয়ে এখন আর কোনো দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশের মূল্যস্ফীতি এখন নির্ভর করে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উপর। বিশ্ববাজারে জ্বালানি তেল, খাদ্যপণ্য ও সারের দাম বাড়লে আমাদের মতো দেশে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাবে না।" উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত হয় এমন কোনো মুদ্রানীতি এখন গ্রহণ করা যাবে না বলে আইএমএফ প্রতিনিধিদের জানিয়ে দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, "আমি বলেছি, এই মুহূর্তে এমন কোনো মুদ্রানীতি গ্রহণ করা যাবে না, যাতে উৎপাদন কর্মকাণ্ড ব্যাহত হয়।" মির্জ্জা আজিজ বলেন, "আমাদের শেয়ার বাজার চাঙা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে আইএমএফ। আমি বলেছি, আমরা শেয়ার বাজারে গতি ফেরাতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টা যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আমি সে সময়ে এসইসি'র চেয়ারম্যান ছিলাম। তখনো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপরও কেনো যেন পুঁজিবাজারের উন্নতি হচ্ছে না।" নতুন বাজেট বিনিয়োগ ও ব্যবসাবান্ধব হওয়ায় আইএমএফ প্রশংসা করেছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, "বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় যেসব কর্মসূচি নেওয়া হয়েছে তারও প্রশংসা করেছে তারা।" জ্বালানী তেলের পর গ্যাস ও বিদু্যুতের দাম বাড়ানো হবে কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। কিছুদিন আগে সিএসজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। কয়েক দিন আগে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে কিনা- সে বিষয়ে সার্বিক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।" বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হার ছিল ৭ দশমিক ৪৪ শতাংশ। নতুন বাজেটে গড় মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৯ শতাংশ। ২০০৮-০৯ অর্থবছরে মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হবে কিনা- প্রশ্নের জবাবে মির্জ্জা আজিজ বলেন, "সব কিছুই নির্ভর করছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উপর। তবে আমরা চেষ্টা অব্যাহত রাখব।" পাঁচ সদস্যের আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার এশিয়া-প্যাসিফিক বিভাগের পরামর্শক থমাস আর রামবাহ। বৈঠক শেষে দলটির কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১২৩ ঘ.