২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই ১০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনছে এলআর গ্লোবাল

যুক্তরাষ্ট্রভিত্তিক এলআর গ্লোবালের সহযোগী হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড'। চলতি বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ১০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে ছাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 05:07 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, ২ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রভিত্তিক এলআর গ্লোবালের সহযোগী হিসেবে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড'। চলতি বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ১০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে ছাড়বে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরুর ঘোষণা দেয়। বুধবার এলআর গ্লোবালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দিকী বলেন, "এলআর গ্লোবালের কার্যক্রম শুরুই প্রমাণ করে যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছে।" এলআর গ্লোবাল বাংলাদেশের চেয়ারম্যান ডন লাগার্জিয়া অনুষ্ঠানে বলেন, "আমরা গত ১৮ মাসে এ দেশে ৫ কোটি ডলার (প্রায় ৩৪০ কোটি টাকা) বিনিয়োগ করেছি। ২০০৭ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে যে বিদেশি বিনিয়োগ হয়েছিল তার ১৭ ভাগই ছিল এল আর গ্লোবালের।" এলআর গ্লোবাল বাংলাদেশের পরিচালক সাইফুল ইসলাম বলেন, "আগামী চার মাসের মধ্যে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সাহায্যে আমরা ১০০ কোটি টাকার একটি মিউচুয়াল ফান্ড গঠন করব।" এছাড়া ২০১০ এর মধ্যে এলআর গ্লোবাল আরো দুটি মিউচুয়াল ফান্ড চালু করবে বলে জানান তিনি। অন্যান্যের মধ্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ফারুক সোবহান, রকফেলার এন্ড কোম্পানির সাবেক প্রেসিডেন্ট ও এলআর গ্লোবালের প্রিন্সিপাল উইলিয়াম এল. অ্যজমুন্ডসন, অনুষ্ঠানে বক্তব্য দেন। ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এলআর গ্লোবাল বর্তমানে ৪৪ কোটি ৯০ লাখ ডলারের সম্পদ ব্যবস্থাপনার কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/এমএইচবি/২৩০১ ঘ.