২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লু চিপ শেয়ারে ভর করে পুঁজি বাজরের সূচকে উন্নতি

লেনদেন কমলেও ব্লু চিপ শেয়ারের ওপর ভর করে বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনিয়োগকারীরা এদিন ভালোমানের শেয়ার লেনদেন করেছেন বেশি। তবে মোটের ওপর লেনদেন কম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেন কমলেও ব্লু চিপ শেয়ারের ওপর ভর করে বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান লতিফ সিকিউরিটিজের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনিয়োগকারীরা এদিন ভালোমানের শেয়ার লেনদেন করেছেন বেশি। তবে মোটের ওপর লেনদেন কম হয়েছে।

মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান স্টকস অ্যান্ড বন্ডস এর বাজার বিশেষজ্ঞ বশির আহমেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এদিন কম লেনদেন করেছেন। সূচক বাড়লেও মোট লেনদেনের পরিমাণ কমে গেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৯৫ শতাংশ বেড়ে ৩০২৯ দশমিক ২৩ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৪ দশমিক ৮০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে হয়েছে ২৬০২ দশমিক ৮২ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৪ দশমিক ২১ পয়েন্ট বা এক দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২৫৭৯ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন ২৫৮ কোটি টাকার দুই কোটি ২২ হাজার ১৮০টি শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৫টির এবং ১১টির দাম অপরিবর্তিত ছিল।

লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম এক দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৫৫৪২ টাকা ৭৫ পয়সা হয়েছে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১৫ দশমিক ৬০ শতাংশ কমে হয়েছে ১২ টাকা ৯৩ পয়সা। এ ছাড়া লংকা-বাংলা ফিন্যান্সের শেয়ারের দাম ২ দশমিক ৮৪ শতাংশ কমে ২১৫ টাকা হয়েছে।

৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে উত্তরা ব্যাংকের শেয়ারের দাম হয়েছে ৩০০৩ টাকা। অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার এর শেয়ারের দাম ৬ দশমিক ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮৮৬ টাকা ৫০ পয়সা।

অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পদ্মা অয়েল, এনবিএল ও প্রাইম ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের দাম বেড়েছে; কমেছে ফারইস্ট লাইফ ইন্সুরেন্স ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল।

এ বাজারে সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭৩ দশমিক ৫৯ পয়েন্ট বা এক দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৯২৭ দশমিক ১৭ পয়েন্ট। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯৬ দশমিক ৩৭ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে হয়েছে ৯১৪৬ দশমিক ৯৩ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১৬৯ দশমিক ৫৪ পয়েন্ট বা দুই দশমিক ১০ শতাংশ বেড়ে ৮২০৬ দশমিক ৫৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন ২৮ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকার ২৬ লাখ ৯৪ হাজার ৫২৬টি শেয়ার লেনদেন হয়েছে।