ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার, শহরের বস্তিবাসী শিশু এবং প্রতিবন্ধীদের উন্নয়নে আট কোটি ৫০ লাখ ডলারের ঋণ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়, সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের জীবন-জীবিকা ও সম্পদের উন্নয়নে বিশ্বব্যাংক এর সোশাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্টে (এসআইপিপি) পাঁচ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। এসআইপিপি প্রকল্প এরইমধ্যে দেশজুড়ে একহাজার গ্রামে দারিদ্র্য বিমোচনে সাহায্য করেছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি, ক্ষুদ্র ঋণসহ অন্যান্য সেবা ব্যবস্থা থাকার পরও প্রতিবন্ধী ও শহরের বস্তিবাসী দুঃস্থ শিশুদের (পথশিশু বা এতিম শিশু) সামাজিক নিরাপত্তার জন্য কর্মসূচির অস্তিত্ব খুব কম।
এসব শিশুদের জন্য বিশ্বব্যাংক 'ডিজ্যাবিলিটি অ্যান্ড চাইল্ড অ্যাট রিস্ক' প্রকল্পের মাধ্যমে সরকারকে তিন কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেবে ।
বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (আইডিএ) থেকে পাওয়া এ ঋণ সহায়তা সুদমুক্ত। এর সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/১৯৩৫ ঘ.
bdnews24